২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের রেট বাড়ায়’ বিদ্যুতের দাম বৃদ্ধি: বি চৌধুরী

‘ঘুষের রেট বেড়ে’ যাওয়ায় বিদ্যুতের উৎপাদন খরচ বেশি দেখিয়ে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 09:50 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক সমাবেশে তিনি একথা বলেন।

বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য যৌথভাবে সমাবেশের আয়োজন করে।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, “একজন উপদেষ্টা বলেছেন... লজ্জা হয়, শুনতে লজ্জা হয়, দুঃখও হয়। এরা শিক্ষিত মানুষ, কেমন করে বললেন, এটা একটা মামুলি ব্যাপার! হ্যাঁ, আপনার কাছে নিশ্চয় মামুলি, আপনি এখন তো অ্যাডভাইজার হয়ে গেছেন, মন্ত্রীর পর্যায়ের মানুষ। আপনার কাছে মামুলি। সাধারণ মানুষের কাছে মামুলি নয়।”

তিনি বলেন, “ওই অ্যাডভাইজার সাব আরও ব্যাখ্যা করেছেন। বিদ্যুৎ উৎপাদনে দাম বেড়েছে কীভাবে, যেহেতু বিদ্যুৎ কর্মচারীদের বেতন বেড়ে গেছে! তাদের বেতন পরিশোধ করার জন্য আমাদের দিতে হবে। আসল কথাটা বলেন নাই, বেতন তো বাড়বেই, ঠিকই আছে। সেই সঙ্গে আপনাদের যে রেট বেড়ে গেছে, ঘুষ খাওয়ার রেট, সেই রেটই তো আসল কারণ। আপনারা বেশি দাম বাড়াবেন, ১৭ হাজার কোটি টাকা পাবে যারা বিদ্যুত বানায়, আর ১৭ হাজার কোটি টাকা আপনারা খাবেন। এই সমস্ত করার জন্য আপনারা যে ষড়যন্ত্র করছেন দেশের মানুষ এগুলো ভালো চোখে দেখে না।”

নয় বছরে আটবার বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই দাবি করে বি চৌধুরী বলেন, “বিশেষ করে কুইক রেন্টালে যেসব বিদ্যুৎ উৎপাদন করছে তাদের সাহায্য করার জন্য, তাদের বেশি করে টাকা দেওয়ার জন্য এবং তাদের থেকে অংশীদারিত্বের ভিত্তিতে বর্তমান সরকারের নেতৃবৃন্দরা এই ব্যবস্থা করেছে। তারা ঘুষ খায়, এর অংশ খায়, সেই জন্য এই টাকা আমাদের দিতে হবে।”

এসব বিষয় মানুষকে বোঝানোর মাধ্যমে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী। একই সাথে এই আন্দোলনকে নিজের ‘শেষ চেষ্টা’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন তিনি।

দেশে হত্যা, গুম, সন্ত্রাস বেড়েছে অভিযোগ করে বি চৌধুরী বলেন, “শুধু রাজনৈতিক নেতা নন, সাধারণ কর্মী, সাধারণ মানুষ, ছোট ছাত্র-ছাত্রী গুম হয়ে যাচ্ছে। এটা কোনো সরকারের দায়িত্ববোধের পরিচয় না। সরকারের কর্তব্য ছিল নাগরিকদের শুধু প্রাণ রক্ষা নয়, তাদের ইজ্জত রক্ষা করা।”

ধর্ষণের মতো জঘন্য ঘটনার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের নাম আসায় খেদ প্রকাশ করেন তিনি।

বি চৌধুরী বলেন, “আজকে আমাদের মা-বোনরা যেভাবে প্রতিদিন ধর্ষিত হচ্ছে, লজ্জায় আমরা মাথা তুলতে পারি না। পৃথিবীতে এত বড় ধর্ষণ চিত্র আর কোথাও নেই। লজ্জা হয় না এদের? এদের কি মা-বোন নেই? এদের কি দায়িত্ববোধ নেই? প্রায় ছাত্রলীগের নাম উঠে, আমি খুবই দুঃখিত, মন খারাপ লাগে যে, একটি রাজনীতির দলের ইয়াং, যারা ভবিষতে আসবে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন উঠবে? তবুও উঠছে।

“লজ্জার কথা, ঘৃণার কথা। শুধু তাই নয়, এর বিরুদ্ধে তারা কোনো প্রতিকারও করতে পারছে না। যারা নাবালক শিশুদের ধর্ষণ-হত্যা করে তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। মাননীয় প্রেসিডেন্ট যেন এই ধরনের হত্যাকারীকে কখনও ক্ষমা না করেন, এই ধরনের বিধান সংবিধানে সংযোজন করা উচিত।”

বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, “একজন উপদেষ্টা বলেছেন, বিদ্যুতের যে দাম বেড়েছে এটা মামুলি ব্যাপার, এতে সাধারণ মানুষের ক্ষতি হবে না। আমরা হলাম সাধারণ মানুষ, আর উনারা হলেন বিশেষ মানুষ।”

তিনি বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির মাধ্যমে সারা জাতির গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন শেখ হাসিনা। পহেলা ডিসেম্বরে যদি বিদ্যুতের দাম বাড়ানো কার্যকর হয়, তাহলে আপনার সরকারের মৃত্যু পরোয়ানা জারি হবে। আপনার সরকারের গদিতে আগুন ধরে যাবে।”

জেএসডির সভাপতি বলেন, “রাষ্ট্রের কোনো নীতি-নৈতিকতা নেই। রাস্তায় আমরা মিছিল-মিটিং করতে পারি না। আমরা এবার আর কোনো অনুমতি নেব না। আমাদের উপর হামলা করলে আপনাকেও সেইভাবে বিদায় নিতে হবে।”

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা হরতালের সমর্থনের কথা জানিয়ে আবদুর রব বলেন, “ভবিষতে উনারা আমাদের কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ-জাতি-জনগণকে বাঁচাতে হলে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করতেছি। আমাদের যাত্রা আজকে শুরু হল।”

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “কুইক রেন্টালের সময় বাড়িয়ে দিয়ে অতিরিক্ত টাকা দিয়েছেন এবং আপনি সেখান থেকে কমিশন খেয়েছেন। লুটপাটের সরকার, ধান্দাবাজের সরকার, মিথ্যাবাদী ও প্রতারক সরকার জনগণকে মিথ্যা কথা বলে লুট করার ব্যবস্থা করেছে।”

বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই দাবি করে তিনি বলেন, “সরকার বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে গ্যাস দেয়নি, গ্যাস দিয়েছেন বেসরকারিভাবে যারা বিদ্যুৎ উৎপাদন করছে তাদের। সরকারি প্ল্যান্টগুলো বসে যাওয়ার মতো ব্যবস্থা করেছেন।”

বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এম এ মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর নেতা মমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।