২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষণের স্বীকৃতিতে বিএনপি নেতাদের গাত্রদাহ: হাছান

ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব স্বীকৃতি পাওয়ায় বিএনপি নেতারা গাত্রদাহ থেকে উল্টাপাল্টা বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 04:57 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

সোমবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “বিএনপি ও তার মিত্ররা বছরের পর বছর ধরে এই ভাষণ অস্বীকার করে আসছেন। সেটি যখন আজ জাতিসংঘ থেকে স্বীকৃতি পেলে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এটিই স্বাভাবিক। তাদের গাত্রদাহ হচ্ছে বিধায় তারা উল্টা পাল্টা বকছেন।

“বিএনপি নেতাদের বলব, আহম্মকের মত মিথ্যাচার করবেন না। যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, ততদিন রাষ্ট্রীয় প্রচারযন্ত্রে ৭ মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ ছিল। তারা ক্রমাগতভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, ইতিহাসকে অস্বীকার করেছে। এখন তারা বঙ্গবন্ধুর এই ভাষণকেও অস্বীকার করছে।”

১৯৭১ সালের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তা সম্প্রতি ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে।

এই স্বীকৃতি উদযাপনে গত শনিবার সরকারের পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি জেলা ও উপজেলায় শোভাযাত্রা-সমাবেশের কর্মসূচি পালিত হয়, যাতে অংশ নিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

তবে সরকারি উদ্যোগে ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির এই উদযাপনকে রাজনৈতিক কর্মসূচি আখ্যায়িত করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাতে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভীর বক্তব্যের সমালোচনায় আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “উনার ইদানিংকালের কথাবার্তা শালীনতা হারিয়েছে। তিনি অশালীনভাবে প্রধানমন্ত্রীর সম্পর্কে যে কথা বলেন, আমরা তীব্র নিন্দা জানাই। তার কথাগুলো বদ্ধ উন্মাদের প্রলাপের মত।”

তিনি বলেন, “ওই সমাবেশ আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচি ছিল না। সেখানে আওয়ামী লীগের দলীয় কোনো নেতা বক্তব্য রাখেননি; সেখানে সরকারের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রেখেছেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন।”

রিজভীর মতো ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপনের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, “আমরা এত দিন ধরে বলে আসছি বিএনপি ইতিহাস বিকৃতি করেছে, বঙ্গবন্ধুর ভাষণকে নির্বাসিত করার চেষ্টা করেছে; মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে আগের করা অভিযোগগুলো আরো খোলাসা হয়েছে।”

ভাষণের স্বীকৃতিতে বিএনপির ‘গাত্রদাহ হওয়াটা স্বাভাবিক’ আখ্যায়িত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, “আজকে জাতিসংঘ যখন ৭ মার্চের ভাষণকে অনন্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, তখন খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের গাত্রদাহ হওয়াটাই  স্বাভাবিক।

“এই স্বীকৃতি আওয়ামী লীগের অর্জন নয়, এটা জাতির অর্জন, রাষ্ট্রের অর্জন। সে কারণেই জাতির বিভিন্ন স্তরের মানুষ, রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানাচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপ-দপ্তর সস্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নতুন জামায় পুরনো বাকশাল: রিজভী
হুমকি দিয়ে স্কুলশিক্ষার্থী-সরকারি কর্মচারীদের সমাবেশে নেওয়া হচ্ছে: ফখরুল