তারেকের জন্মবার্ষিকীতে কেক কাটলেন খালেদা
লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের জন্মবার্ষিকীতে কেক কেটে উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার প্রথম প্রহরে গুলশানের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। বাইরে সমবেত হাজারের বেশি নেতাকর্মী তা দেখতে পান বড় পর্দায়। মুহুর্মুহু করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ বলে তারেক রহমানকে শুভেচ্ছা জানান তারা।
কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও দলের ভাইস চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ২০০৮ সাল থেকে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে আছেন তিনি।
বিএনপির কেকটি খালেদা জিয়া কাটেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতৃ্বৃন্দকে নিয়ে। পরের কেকগুলো পর্যায়ক্রমে কাটেন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে।
এ সময় নেতা-কর্মীরা “শুভ শুভ দিন, তারেক রহমানের জন্মদিন’ শ্লোগানে ওই এলাকা মুখরিত করে তোলেন।
অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষক উপস্থিত ছিলেন।
দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চোধুরী, শওকত মাহমুদ, জয়নাল আবেদীন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার, উত্তরের মুন্সী বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ছাত্র দলের রাজিব আহসান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের মার্চ মাসে দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর আদালতের জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান।
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। সোমবার সারা দেশের মহানগর ও জেলা সদরে তারেকের জন্য দোয়া মাহফিল এবং আগামী শনিবার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে।
এছাড়া ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব সোমবার সকাল থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প করবে; চিকিৎসকের পরামর্শ ছাড়াও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
সারা দেশে মহানগর-জেলা-থানা-ইউনিয়ন পর্যায়েও বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তারেকের জন্মদিন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে বলে কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে।
