পার্বত্য শান্তিচুক্তি: সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন
বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ‘সংগ্রামের ধারাবাহিকতায়’ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে সম্পাদিত হওয়া পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের ‘সদিচ্ছা’ নিয়ে প্রশ্ন উঠেছে তার স্মরণসভায়।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এমএন লারমার ৩৪তম মৃত্যুবার্ষিকী স্মরণসভায় শান্তি চুক্তির আগামী বার্ষিকীর আগে পূর্ণ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণারও দাবি জানানো হয়।
সভায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, “মানবেন্দ্র নারায়ণ লারমা সমতার জন্য লড়াই করেছিলেন, চেয়েছিলেন সকল মানুষের সমান মর্যাদা। সেটা না পাওয়ায় সশস্ত্র সংগ্রামের পর শান্তিচুক্তি হয়। কিন্তু সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন আজও হয়নি।
“সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বক্তব্য আসে, তারা চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে আন্তরিক। আমরা অধিকারকর্মীরাও চাই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হোক। তাহলে সেটা হচ্ছে না কেন? বাধা কোথায় সেগুলো চিহ্নিত করি না কেন? আর সে কারণে আমাদের সন্দেহ হয়, চুক্তির পূর্ণ বাস্তবায়নের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সদিচ্ছা নাই।”
তিনি বলেন, “কেউ থাকলে তাদের চিহ্নিত করা দরকার। চুক্তির বাস্তবায়ন না হলে আদিবাসীদের মধ্যে যদি আবার হতাশা নেমে আসে, যদি তারা মনে করেন, তারা প্রতারিত হয়েছেন এবং সেটা সশস্ত্র প্রতিরোধের দিকে যায়- তাহলে সেটার দায়ভার কে নেবে?”
শান্তি চুক্তির আগামী বার্ষিকীর আগে সেটার পূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়া রোডম্যাপ ঘোষণা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।
“এখন আমাদের পথ আমাদের নিজেদের করে নিতে হবে। যেটা এমএন লারমা আদিবাসীদের জন্য করেছিলেন।”
আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, “এমএন লারমা সমতার জন্য সংগ্রাম করেছেন, যেটা এক পর্যায়ে সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। সেটার ধারাবাহিকতায় শান্তিচুক্তি হয়।
এমএন লারমার ৩৪তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত স্মরণানুষ্ঠানে কবিতা, গান ও গণসঙ্গীতে তাকে স্মরণ করা হয়। অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক কবি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাসদ একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌরভ শিকদার. নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবির ও জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন।
