ভোটে সব দলকে চায় কানাডা: বিএনপি
কানাডা বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাইছে বলে জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার সঙ্গে সোমবার কানাডার পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় সিপিএ সম্মেলনে আসা কানাডার এই প্রতিনিধি দলটি রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে যায়।
ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “তারা খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন যে, বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন, সকলের অংশগ্রহণে, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন তারা দেখতে চায়।”
নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি একাদশ সংসদ নির্বাচনের সময়ও ‘নিরপেক্ষ’ ব্যক্তিদের সরকারে চাইছে, যা প্রত্যাখ্যান করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট নিয়েও কানাডার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন খালেদা জিয়া।
ফখরুল বলেন, “কানাডার সংসদীয় প্রতিনিধিদলের নেতা ও অন্যান্য যারা সদস্য ছিলেন, তারা অনেক কিছু জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। একই সঙ্গে তারা যেগুলো জানেন, সেই বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনা করেছেন।”
কানাডার পার্লামেন্টের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইয়াসমেন রাতানস্কি। ঢাকায় কানাডার হাই কমিশনার বেনওয়া প্রিফনটেইনও বৈঠকে ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব ফখরুল ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
