লালপতাকা মিছিলে শেষ হবে অক্টোবর বিপ্লব শতবর্ষের কর্মসূচি
সমাবেশ ও লালপতাকা মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার শেষ হচ্ছে অক্টোবর বিপ্লব শতবর্ষের মাসব্যাপী আয়োজন।
এদিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর আড়াইটায় সমাবেশ শুরু করবে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি।
রোববার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপনে মাসব্যাপী অনুষ্ঠানের সমাপনী সমাবেশে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। সমাবেশে ও মিছিলে রাজধানীসহ দেশের প্রায় সব এলাকা থেকে সমাজতন্ত্রে বিশ্বাসীরা যোগ দেবেন।
তিনি জানান, সমাবেশ শেষে বিকাল সাড়ে ৪টায় শহীদ মিনার থেকে লালপতাকা মিছিল বের হবে। মিছিলটি দোয়েল চত্বর, প্রেস ক্লাব, পল্টন মোড় ঘুরে গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণপাশ দিয়ে বঙ্গবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পাশ দিয়ে গিয়ে আবার দোয়েল চত্বরে যেয়ে শেষ হবে।
গত ৬ অক্টোবর রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের মধ্য দিয়ে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের কর্মসূচি শুরু করে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি।
সংবাদ সম্মেলনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমাদের এই উদযাপনের ভেতর দিয়ে বাংলাদেশের সমাজতন্ত্রীরা একত্র হয়েছেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনরত শ্রেণি- পেশার সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করেছে। উদযাপন রাজধানীর মতো দেশের সর্বত্রই ঘটেছে। সমাজতন্ত্রের পক্ষে একটি নবজাগরণের আভাস পাওয়া গেছে।”
তিনি বলেন, “আমরা আশা করব সমাজতন্ত্রীদের এই নৈকট্য স্থায়ী ঐক্যে পরিণত হবে এবং পুঁজিবাদবিরোধী সংগ্রাম নতুন বেগ পাবে।”
সিপিবি-বাসদসহ সমাজতন্ত্রে বিশ্বাসী ১২টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় কমিটি এর আগে ১১ অক্টোবর ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে ‘সমাজতান্ত্রিক সোভিয়েতের অভিজ্ঞতায় সর্বজনের শিক্ষা’ শীর্ষক সেমিনার করেছে।
জাতীয় কমিটির উদ্যোগে ১৩ অক্টোবর প্রগতিশীল নারী সংগঠনগুলোর আয়োজনে ‘রুশ সমাজতান্ত্রিক বিপ্লব ও নারী মুক্তি আন্দোলন: তাত্পর্য ও প্রাসঙ্গিকতা’ বিষয়ক সেমিনার, ১৯ অক্টোবর কৃষক-ক্ষেতমজুর সংগঠনগুলোর উদ্যোগে ‘শতবর্ষে অক্টোবর বিপ্লব: কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিপ্লব পুনর্গঠন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এছাড়া গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন হয়েছে।
সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।
