পুলিশকে প্রভাবিত করে বিএনপির ক্ষমতায় আসার দিন শেষ: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০০১ সালের মতো ‘মেকানিজমের মাধ্যমে প্রশাসন-পুলিশকে প্রভাবিত করে’ বিএনপির ক্ষমতায় আসার দিন বাংলাদেশে আর আসবে না।
সরকার পরিবর্তনের ‘গণজোয়ার’ এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না বলে শনিবার দুপুরে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকালে একথা বলেন কাদের।
চট্টগ্রামের চান্দনাইশ উপজেলার কাঞ্চনবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “তিনি (মওদুদ) বারবার রং বদলান, বারে বারে প্যান্ট বদলান, উনার নাম মওদুদ সাহেব। তিনি আজ কিছু আজগুবি কথা বললেন। আসলে বিএনপির লোকেরা উনাকে বিশ্বাস কম করেন, তাই বিশ্বাস বাড়ানোর জন্য উনি অনেক কিছু বলেন।
“আজকে তিনি বলেছেন, সময় হলে পুলিশ-প্রশাসন সরকারের পাশে থাকবে না। তিনি এখনও ২০০১ সালের রঙিন খোয়াব দেখছেন। ২০০১ সালের সাজানো, পরিকল্পিত তত্ত্বাবধায়ক ইনশাল্লাহ বাংলাদেশে আর আসবে না। ২০০১ সালের মতো মেকানিজমের মাধ্যমে প্রশাসন-পুলিশকে প্রভাবিত করে বিএনপির ক্ষমতায় আসার সেই দিন চলে গেছে, আর আসবে না।”
তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।”
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বশর ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।
