খালেদার যাত্রাপথে মানুষের উপস্থিতি সরকারের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ: খসরু
দেশের জনগণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ওই বঞ্চনা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কক্সবাজারের যাত্রাপথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাস্তায় দাঁড়ানো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে।
মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে গত সপ্তাহে কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির পরিদর্শন করেন খালেদা জিয়া। ঢাকা থেকে সড়কপথে যাওয়া-আসার সময় বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা।
বিএনপি নেতা খসরু বলেন, “দেশের জনগণ বর্তমানে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষ অনেকদিন অপেক্ষা করেছে। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া ত্রাণ বিতরণে যাওয়ার পথে স্বাগত জানাতে রাস্তায় নেমে মানুষ তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।”
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তি দাবিতে শনিবার বিকালে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ে সমাবেশে বক্তব্য দেন আমীর খসরু।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ বিগত দিনে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। ভালো মানুষ সেজে ক্ষমতায় এসে আবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।”
আসলাম চৌধুরীর মুক্তির দাবি জানিয়ে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি আমীর খসরু বলেন, “সারাদেশে সরকারবিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল তার অন্যতম সৈনিক আসলাম চৌধুরী। তার কারণে চট্টগ্রামে সরকারবিরোধী আন্দোলন প্রকম্পিত হয়েছে।”
বিএনপির সমাবেশ চলাকালে স্লোগান দেওয়া নিয়ে দলের দুই পক্ষ হাতাহাতি ও চেয়ার ছুঁড়াছুঁড়ি করেছে
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সারা দেশের মতো চট্টগ্রামে বিভিন্ন যানবাহনে পেট্রোলবোমা হামলা, জ্বালাও পোড়াওসহ বিভিন্ন নাশকতার ইন্ধনদাতা হিসেবে আসলাম চৌধুরীকে দায়ী করে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী।
গত বছরের মাঝামাঝি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মোন্দি এন সাফাদির সাথে করমর্দনের ছবি সংবাদমাধ্যমে আসার পর আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
এরপর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে গত বছরের ১৪ মে ঢাকায় গ্রেপ্তার করা হয় আসলাম চৌধুরীকে।
প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, “সরকার বিচার বিভাগকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। এ দেশে এখন জনগণের নিরাপত্তা নেই।”
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে চেয়ার ছুঁড়াছুঁড়ি
এতে সমাবেশে আসা কর্মীরা আতঙ্কে দলীয় কার্যালয় থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। দুইপক্ষের হাতাহাতিতে এক কর্মী মাথায় আঘাত পেয়েছেন। তবে ওই কর্মীর নাম জানাতে পারেনি কেউ।
