উসকানি দিয়ে সমঝোতা হয় না: কাদের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমঝোতার প্রস্তাব উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “সংঘাতের উসকানি দিয়ে, সমঝোতার পরিবেশ সৃষ্টি হয় না। ফেনীর সাজানো হামলার ঘটনা সংঘাতের উসকানি, সংঘাতের উসকানি দিয়ে সমঝোতা হবে না।”
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের ১১ দফা জনগণের প্রস্তাব’ শীর্ষক আলোচনায় একথা বলেন কাদের।
সংলাপ আহ্বানকারী ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আপনাদের মুখের সংলাপের কথাও মনের কথা না, কথার সাথে মনের যোজন যোজন দূরত্ব।”
বিএনপিকে নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ‘আসল খবর’ বের হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী ওবায়দুল কাদের।
“থলের বিড়াল অবশেষে মিঁউ ডেকেছে।গাড়ি পোড়ানো তো বিএনপির পুরানো অভ্যাস, এটা আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ডে নেই। পরিকল্পিতভাবে রংসাইডে বাস রাখা হয়েছিল এবং পরিকল্পিতভাবে হামলার নাটক করেছে। তা পুলিশের রিপোর্টেই এসেছে।”
নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে সিইসি কে এম নূরুল হুদার সাম্প্রতিক বক্তব্য ধরে কাদের বলেন, “এমন হাস্যকর দাবি তো বিএনপি করেছে।”
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ।
