বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৫ নভেম্বর থেকে শুরু এসব কর্মসূচি।
বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে- ৭ নভেম্বর ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির বাইরে স্থানীয় পর্যায়ে মহানগর-জেলা ও উপজেলা-থানা-ইউনিয়নেও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী।
সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জনগণ ও সৈনিকরা এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে পুনরায় জনগণের শাসন প্রতিষ্ঠা করবার উদ্যোগ নিয়েছিল এবং সফল হয়েছিল। এই দিবসটিকে এজন্য সারাদেশবাসী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে আখ্যায়িত করেছিল। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার যে চেতনা তাকে সুসংহত করা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন জনগণ ও সৈনিকেরা, তারা সেদিন জিয়াউর রহমানকে সেই বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছিলেন।
“আজকে এমন একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে আমরা পড়েছি, যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার বিপন্ন হতে চলেছে, দেশের গণতন্ত্র ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, মুক্তিযুদ্ধের চেতনাকেও নস্যাৎ করে ফেলা হয়েছে। আমরা দেখছি দেশে একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্নভাবে আবার এখানে আনার চেষ্টা করা হচ্ছে।”
দেশের মানুষ ‘একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা রুখে দেবে’ বলেও জানান তিনি।
এর আগে দলের মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভা হয়।
