২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীনদের প্রচ্ছন্ন ইঙ্গিতেই হামলা: ফখরুল

খালেদা জিয়ার কক্সবাজার যাওয়া-আসার পথে দুই দফা হামলার দায় ক্ষমতাসীন দলের ওপর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 05:25 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফেনীতে প্রথমে যে হামলা হলো সেখানে সুনির্দিষ্টভাবে টার্গেট করা হয়েছে সাংবাদিকদেরকে, তাদের গাড়িগুলো আক্রমণ করা হয়েছে। ফেরার পথে আবার যে হামলা হলো- এটা থেকে বুঝা যায় যে, এটা অত্যন্ত পরিকল্পিত ঘটনা। আমরা লক্ষ্য করছি, আওয়ামী নেতৃবৃন্দ একে ডিফেন্ড করছেন। এখন পর্যন্ত ডিফেন্ড করে এসছেন কোনো তদন্ত ছাড়াই।

“ছবি এসেছে পত্র-পত্রিকাগুলোতে, তাদের (হামলাকারীদের) বায়োডাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আমরা ধরে নিতে পারি যে, আওয়ামী লীগের নেতাদের প্রচ্ছন্ন ইঙ্গিত ও তাদের প্রশ্রয়ে দ্বিতীয়বার এই ঘটনা ঘটিয়েছে।”

রোহিঙ্গাদের দেখতে সড়কপথে কক্সবাজারে যাওয়ার সময় গত শনিবার ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা হয়। বহরের পেছনে থাকা সাংবাদিকদের বেশ কয়েকটি গাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়। ফেরার পথে মঙ্গলবারও ফেনীতেই ফের হামলার মুখে পড়ে খালেদার গাড়িবহর।

খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশের ভূমিকার প্রশংসা করে ফখরুল বলেন, “আমরা অবশ্যই স্বীকার করব যে, পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে ম্যাডাম জিয়া যেন নিরাপদে যেতে পারেন। দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের পলিসির কারণে ফেনীতে আমাদেরকে হামলার শিকার হতে হয়েছে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, সোমবার রোহিঙ্গাদের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী সেনাবাহিনীর ক্যাম্পে দেওয়া হয়েছে। ত্রঅনসামগ্রীর মধ্যে রয়েছে ১১০ টন চাল, ৫ হাজার শিশুর খাদ্য, ৫ হাজার প্রসূতির খাদ্য।

এছাড়া এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এক হাজার বস্তা চাল, ডাল, তাঁবু তৈরির জন্য ১৬৫০ প্লাস্টিক সিট, ৩০০ কার্টন হাইপ্রোটিন ও টোস্ট বিস্কুট, ১১৫ কার্টন কাপড়, প্রসূতিদের জন্য তিন ট্রাক কাপড়, ১২০০ প্লাস্টিক জার দেওয়া ছাড়াও শতাধিক টিউবওয়েল, কয়েকশ শৌচাগার এবং কিছু অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দুই মাস ধরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে রোহিঙ্গাদের সেবা দিচ্ছে।

উখিয়ায় খালেদা জিয়ার সফরের সময়ে সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্যে সঠিকভাবে সংবাদ সংগ্রহ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল।