২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর জরুরি সভা

বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায় আওয়ামী লীগের কর্মসূচি ঠিক করতে জরুরী সভায় বসছে সম্পাদকমণ্ডলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, “আগামীকাল সন্ধ্যা ৬টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পাদকমণ্ডলীর জরুরি বৈঠক আহ্বান করেছেন।

“একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায় আওয়ামী লীগ যেসব কর্মসূচি নেবে, তা ঠিক করতে এই বৈঠক ডাকা হয়েছে।”

এদিকে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে কাদের বলেন, “জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি প্রদান করায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

বিবৃতিতে কাদের বলেন, “বিশ্বের ধ্রুপদী বক্তৃতাগুলোর অন্যতম হিসেবে ইতোমধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ স্বীকৃত। দেশি-বিদেশি বিভিন্ন পুস্তকে কালজয়ী এ ভাষণটি সংকলিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ঐতিহাসিক ও রাজনৈতিক গবেষকগণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বহুমাত্রিকতা নিয়ে কাজ করছেন।”

বিবৃতিতে তিনি আরও বলেন, ইউনেস্কোর এই স্বীকৃতি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কালজয়ী ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাঙালি জাতির চির অনুপ্রেরণা হয়ে থাকবে।

পুরনো খবর:

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’