হামলা করে লাভ হবে না: খালেদা
ফেনীতে গাড়িবহরে হামলার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এতে সরকারেই আরও জনবিচ্ছিন্ন হবে।
সোমবার দুপুরে উখিয়ায় ময়নার গোনা রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান তিনি।
রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার যাওয়ার পথে শনিবার ফেনীতে হামলার মুখে পড়ে খালেদার গাড়িবহর। তিনি রক্ষা পেলেও হামলায় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মারধরের শিকার হন কয়েকজন সাংবাদিক।
খালেদা বলেন, “আপনারা জানেন, একটা মানবতার কাজে আমরা এখানে (উখিয়া) এসেছি। আমরা রোহিঙ্গাদের কিছু সাহায্য করার জন্য এখানে আসতে চেয়েছি। সেই আসার পথে আমার বহরে হামলা করা হয়েছে এবং অনেক সাংবাদিককে আহত করেছে।”
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি
হামলাকারী যুবকরা আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী বলে বিএনপির অভিযোগ। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপিই হামলার এই ‘নাটক’ সাজিয়েছে।
সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে খালেদা বলেন, “কারা হামলা করেছে, সরকার তা জানে। তাদের ছবিও দেখানো হয়েছে। আমি চাই সরকার এগুলো বন্ধ করবে।
“আমি মনে করি, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এগুলো করে আপনারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আরও বিচ্ছিন্ন হয়ে যাবেন।”
“আমি বলব, এসব বাদ দিয়ে অন্ততপক্ষে মানবতার খাতিরে আসুন, সকলে মিলে এক সঙ্গে কাজ করি,” সরকারকে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
