২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেন-দরবারের পর এখন কান্নাকাটিতে বিএনপি: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রে ‘হালাল’ হতে বিএনপি দেন-দরবারের পর এখন কান্নাকাটি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 08:09 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

দুর্নীতির মামলায় আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অশ্রুসিক্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে একথা বলেছেন তিনি।

৩১ অক্টোবর জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে দলের মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, “গণতন্ত্রে হালাল হতে আগে বিএনপি দেন-দরবার করেছে, এখন কান্নাকাটি করছে।

“আদালতে খালেদা জিয়ার চোখের জল তাকে গণতন্ত্রে হালাল করে না, আগুনযুদ্ধে পোড়া মানুষের গন্ধও যায় না, জিয়ার অবৈধ ক্ষমতা দখল, সামরিক শাসন, হত্যা-খুন এবং রাজাকার পুনর্বাসনকেও বৈধতা দেয় না।”

বিএনপিনেত্রীর উদ্দেশে তিনি বলেন, “জঙ্গি-জামাত-রাজাকারের সঙ্গ ত্যাগ না করে, চক্রান্তের পথ না ছেড়ে, মানুষ পোড়ানোর বিচার-সাজা শেষ না করে কোনো কান্নায় লাভ হবে না।”

নির্বাচন খালেদা জিয়ার আসল উদ্দেশ্য নয় মন্তব্য করে তিনি বলেন, “উনি নির্বাচন বানচালের উছিলা তৈরি ও ষড়যন্ত্র করছেন।

“খালেদা জিয়া মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও বাংলাদেশের বিরুদ্ধ পথেই হাঁটছেন।”

জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী বক্তব্য দেন।