২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উসকানি’ দিতেই সড়কপথে খালেদার কক্সবাজার যাত্রা: হাছান

বিশৃঙ্খলায় ‘উসকানি’ দিতেই সড়কপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 06:10 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, “বিদেশ থেকে আসার পর দুই সপ্তাহ তিনি ঢাকায় বসে থাকলেন। আজ না কি তিনি সড়কপথে চট্টগ্রাম আসবেন। সড়কপথে আবার কক্সবাজার যাবেন।

“তিনি যদি সড়কপথে চট্টগ্রাম আসতে পারেন, সড়কপথে কক্সবাজার যেতে পারেন তাহলে তিনি নিশ্চয় অসুস্থ নন। অসুস্থ হলে তো সড়কপথে আসতে পারার কথা নয়। অর্থাৎ তিনি অসুস্থ নন, অসুস্থতার ভান করেছেন।”

হাছান মাহমুদ বলেন, “আসল উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো। সড়ক পথে আসার নামে তিনি জায়গায় জায়গায় উসকানি দেওয়ার চেষ্টা করবেন। উসকানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাবেন।”

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে শনিবার সকালে ঢাকা থেকে রওনা হয় খালেদা জিয়ার গাড়ি বহর। এর কিছুক্ষণ পর ফেনীতে খালেদার যাত্রাবিরতিতে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ঠেকাতে কয়েকটি স্থানে সড়ক অবরোধের অভিযোগ উঠে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে।

বিকালে ফেনীর মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাও ঘটে।  

কোনো ধরনের উসকানির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, “সরকার আপনার নিরাপত্তা ও সার্কিট হাউজে থাকার ব্যবস্থা করেছে। এটা সরকারের বদান্যতা। সফরের নামে কোনো উসকানি দেবেন না। সফরের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। আমাদের নেতাকর্মীরা সর্তক দৃষ্টি রাখছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেবে।” 

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন সেখানে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না। আপনার নেতৃত্বে ২০ দলীয় জোট জঙ্গি জোট।

“সেই জোটের অনেক নেতারা সেখানে গিয়ে রোহিঙ্গাদেরকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। সেই উসকানিতে ঘি ঢালতে সেখানে যাবেন না।”

এতদিন পর রোহিঙ্গা শিবিরে যাওয়া ‘লজ্জাজনক’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “যেই ব্রিটেনে বেগম খালেদা জিয়া ছিলেন সেই ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশে আসতে পারলেন আর তিনি বাংলাদেশের নেত্রী নাকি, আসতে পারলেন না।

“এই লজ্জা শুধু খালেদা জিয়ার একার নয় পুরো বিএনপির এ লজ্জা। তিন মাস পরে বাংলাদেশে আসলেন। আসারও ১০-১২ দিন পর তিনি আজ চট্টগ্রাম আসবেন, আগামীকাল রোহিঙ্গা শিবিরে যাবেন।”

‘তিনি কাঁদেন সম্পত্তির জন্য’

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে দেওয়া বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “আপনি গতপরশু দিন আদালতে কেঁদেছেন। আপনিও কাঁদেন, মির্জা ফখরুলও কাঁদেন। হায়রে কান্না।

“জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন কফিন ধরে খালেদা জিয়ার কান্না আমরা দেখতে পাইনি। খালেদা জিয়ার কান্না দেখতে পেলাম যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী তাকে চলে যেতে বলল। তখন বেগম খালেদা জিয়া টেলিভিশন ডেকে যেই কান্না দিলেন আর বললেন- আমি এখন উদ্বাস্তু।”  

হাছান মাহমুদ বলেন, “পৃথিবীর সব চাইতে ধনী উদ্বাস্তু হলেন বেগম খালেদা জিয়া। যার গুলশানে ৩৫ কাঠা জমির উপর একটা প্রসাদোপম বাড়ি আছে। আরও বিভিন্ন জায়গায় ঘরবাড়ি আছে। শোনা যাচ্ছে বিদেশেও বাড়ি আছে। লন্ডনেও বাড়ি করেছেন।

“তিনি কাঁদেন সম্পত্তির জন্য। বেগম খালেদা জিয়া গতপরশু পুত্রের কথা বলতে গিয়ে আদালতে কেঁদেছেন। পেট্রোল বোমায় যারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন তাদের কান্নায় আকাশ বাতাস কেঁদেছে। তখন তার চোখে জল দেখিনি। এ কান্না ভনিতা ছাড়া কিছু নয়।”  

উত্তর জেলা ছাত্রলীগ ‘বেগম খালেদা জিয়ার অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তৈয়বসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।