২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারের স্বজনদের পাশে খালেদা

সদ্য প্রয়াত বিএনপি নেতা এমকে আনোয়ারের বাসায় গিয়ে তার স্ত্রী-সন্তানদের সমবেদনা জানালেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 10:35 PM

Updated : 19 Aug 2022, 05:49 PM

মঙ্গলবার রাত পৌনে ১০টায় আনোয়ারের রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় যান খালেদা। তার অসুস্থ স্ত্রী মাহমুদা আনোয়ারের পাশে বসে তাকে সান্ত্বনা জানান তিনি।

পরে এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ারসহ পরিবারের সদস্যদের কাছে ডেকে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, অঙ্গ সংগঠনের নেতা আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান, শায়রুল কবির খান, হোমনা থানা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

এলিফ্যান্ট রোডের এই বাসায়ই মঙ্গলবার প্রথম প্রহরে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সকালে কাটাবন মসজিদ, দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং জোহরের পর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে মাসুদ আনোয়ার ও মেয়ে খাদিজা আনোয়ার বুধবার দেশে ফিরলে এম কে আনোয়ারের মরদেহ নেওয়া হবে তার নির্বাচনী এলাকা কুমিল্লার হোমনায়। তিতাস ও হোমনায় দুটি জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাবেক সচিব এমকে আনোয়ার দুই দফায় বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। তার এক মেয়ে ও দুই ছেলে আছে।