মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞার জন্য চেষ্টা চালাতে হবে: ফখরুল
রোহিঙ্গা সংকট সমাধানে বাধ্য করতে মিয়ানমারের ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আজকে সিদ্ধান্ত একটাই, মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়ার জন্য। প্রয়োজনে তাদের ওপর নিষেধাজ্ঞা বা এমবারগো আরোপ করতে হবে এবং সেটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে।
“আমাদের সরকারের ব্যর্থতাটা কোথায়? তারা এখন পর্য্ন্ত চীন ও রাশিয়াকে সেভাবে কনভিন্স করতে পারেনি যে এখানে কী হচ্ছে, কেন গণহত্যা বন্ধ করা উচিৎ, কেন মিয়ানমারকে বাধ্য করা উচিৎ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য।”
বন্ধুত্ব ‘একমুখী’ হয় না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “মিয়ানমার সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে আন্তর্জাতিকভাবে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। দুর্ভাগ্য আমাদের যারা ঘনিষ্ঠ বন্ধু তারা মিয়ানমারের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে।
“কী চমৎকার আমাদের কূটনীতি, কী চমৎকার আমাদের বন্ধুত্বের সম্পর্ক। যাদেরকে সবচেয়ে ভালো বন্ধু বলে দাবি করছি, সর্বোচ্চ পর্যায় বলে দাবি করছি তারা এখন মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।”
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় চীন ও রাশিয়ার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “আমি খুব অবাক, হতবাক হয়ে গেছি। চীন ও রাশিয়ার কারণে সেখানে সিদ্ধান্ত হতে পারেনি।”
রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক সুকোমল বড়ুয়া জানান, তারা দ্রুত ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের ‘শান্তি মিশন টিম’ গঠন করে মিয়ানমারের সেনা প্রধান ও দেশটির নেত্রী অং সান সুচির সাথে সাক্ষাৎ করবে। এছাড়া তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে জনমত গড়ে তুলতে ১১ দফা প্রস্তাবনাও উপস্থাপন করেন।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের করুন অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “কোথাও কোনো সমন্বয় নেই। বহুদিন পরে সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরে সেখানেও তারা বাধার সৃষ্টি করছে।”
তিনি বলেন, “১৪ হাজার শেড নির্মাণ করা হবে। এর মধ্যে মাত্র ৪ হাজার নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। বাকীগুলো শুনেছি সরকার টেন্ডারের মাধ্যমে করবে, কিভাবে করবে আপনারা সহজেই বুঝতে পারেন। অথচ সেনাবাহিনীকে দিলে দ্রুততার সঙ্গে এই কাজগুলো সম্পন্ন হতে পারত।”
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এম এ রকীব, খেলাফত মজলিশের অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ন্যাপের জেবেল রহমান গানি, জাগপার রেহানা প্রধান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন।
হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের গৌতম চক্রবর্তী, জন গোমেজ, বৌদ্ধ সম্প্রদায়েরর ম্যা মা চিং, সুশীল বড়ুয়া, উদয় কুমার বড়ুয়া, ঝন্টু কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খন্দকার লুৎফর রহমান, মুসলিম লীগের শেখ জুলিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ডিল’র সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।
