‘ঠাকুরমার ঝুলি’ খুলেছেন সুবীর ভৌমিক: রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এসএসএফের কয়েক সদস্যের ‘হামলার চক্রান্ত’ এবং আইএসআইয়ের সঙ্গে খালেদা জিয়ার ‘যোগাযোগ’ ‘কল্পকথা’ বলে উড়িয়ে দিচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক ‘ঠাকুরমার ঝুলির’ বানানো গল্প রচনা করে ‘অপপ্রচার’ চালাচ্ছেন।
মিয়ানমারের অনলাইন সংবাদ মাধ্যম মিজিমা নিউজের সুবীর ভৌমিকের ওই প্রতিবেদন দিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সম্প্রতি মিজিমা নিউজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার একটি ব্যর্থ চেষ্টার খবর আসে, যা পরে ভারতের সংবাদ মাধ্যমেও প্রচার ও প্রকাশ হয়। তার সূত্র ধরে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমেও বিষয়টি আসে।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই ধরনের খবর ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দেওয়া হয়।
রিজভী বলেন, “সুবীর ভৌমিক গাঁজাখুরি মিথ্যা গল্প সাজিয়ে তারপর সেটিকে বিভিন্ন মিডিয়ায় রিসাইকেল করে বাংলাদেশের রাষ্ট্র ও নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে চাচ্ছে।”
রিজভীর ভাষ্য, মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতা চলার মধ্যে এসএসএফ ও সশস্ত্র বাহিনীকে নিয়ে এই ধরনের প্রতিবেদন উদ্দেশ্যমূলক।
“এটা বুঝতে কারও কষ্ট হয় না। এর জন্য কাউকে ব্যারিস্টারিও পাস করতে হয় না, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রিও নিতে হয় না। রোহিঙ্গাদের প্রশ্নে বাংলাদেশের জনগণের যে সহানুভূতি, তা সুবীর ভৌমিকরা মেনে নিতে পারছেন না।”
বিবিসিতে কাজ করে আসা সুবীর ভৌমিক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, “সুবীর ভৌমিক যেহেতু বিদেশি নাগরিক, সেহেতু তিনি বাংলাদেশের আদালতের আওতায় পড়বেন না। সেজন্য অবাধে নিজ দেশ থেকে আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে ‘ঠাকুরমার ঝুলির’ বানানো গল্প রচনা করে সেটি অপপ্রচার করছেন।”
সুবীর ভৌমিক
প্রধানমন্ত্রীর আনুকূল্য পেতে এদেশের কিছু সাংবাদিকও সুবীর ভৌমিকের ‘মিথ্যাচার’ বাজারজাত করছেন বলে অভিযোগ করেন রিজভী।
“সুবীর ভৌমিক ও তাদের এদেশীয় দোসরদের মূল টার্গেট হচ্ছে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বিষোদগার অব্যাহত রেখে জনগণের মধ্যে একটি বিরূপ ভাবমূর্তি তৈরি করা।”
“এদেশের বিরুদ্ধে কাজ করা সুবীর ভৌমিক কীভাবে বাংলাদেশে অবাধ যাতায়াত করছেন; স্থানীয় কিছু মানুষকে নিয়ে টিম গঠন করে বাংলাদেশ ও বিএনপিবিরোধী অভিযানে লিপ্ত থাকেন?” প্রশ্ন করেন বিএনপি নেতা।
ওই প্রতিবেদন নিয়ে সুবীর ভৌমিকের সমালোচনা এর আগে বিএনপির আরও নেতা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এক সময় যুক্ত থাকা সুবীর ভৌমিক তার জবাবে বলেছেন, তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। আর তা করতে গিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পাশাপাশি পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের ডিজিএফআই, এনএসআইর অনেক কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
সুবীর ভৌমিক বলছেন, একজন বাঙালি হিসেবে বাংলাদেশের প্রতি তার মমত্ববোধ রয়েছে এবং তিনি বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত দেখতে চান। তেমনি মিয়ানমারেও গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখতে চান তিনি।
