২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কত ক্ষমতা জাতিসংঘে প্রমাণ দিন: হাসিনাকে মান্না

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বলিষ্ঠ ভূমিকা’ প্রত্যাশা করেছেন মাহমুদুর রহমান মান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 07:27 PM

Updated : 11 Oct 2022, 02:32 PM

শনিবার বিকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, উনি কী নিয়ে যাচ্ছেন? আপনি চীনের দৃষ্টিভঙ্গি ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন? আমার দেশ থেকে লোক যায়, আমেরিকা ও কানাডায় ৪ থেকে ৫ বছর থাকার পর নাগরিকত্ব পায়, আর শতবছর পার করার পরেও রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকতত্ব পাবে না-এ ব্যাপারে কথা বলে জোর তৎপরতা চালিয়ে আপনি রাশিয়া ও চীনের দৃষ্টিভঙ্গি বদলের পরিবর্তন করতে পারবেন তো।”

এই প্রশ্নে দেশের ১৬ কোটি মানুষ প্রধানমন্ত্রীকে সমর্থন করবে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, “আমরা দেখতে চাই, আপনি কত শক্তিশালী, কত ক্ষমতাশালী সংসদে গিয়ে নয়, জাতিসংঘে গিয়ে তার প্রমাণ দেবেন এবার। রোহিঙ্গাদের ফিরে যেতে মিয়ানমারকে বাধ্য করতে আপনাকে চাপ তৈরি করতে হবে। এজন্য আপনাকে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে বিশেষ করে রাশিয়া, চীন ও ভারতের।”

এ বিষয়ে জাতিসংঘে সফল হতে পারলে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাবেন মান্না।

“আপনি যদি করতে পারেন, এই প্রেস ক্লাবের সামনে আমি, সুব্রত চৌধুরী, সুকোমল বড়ুয়া আবার মানববন্ধন করে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব। কিন্তু কিছুই করবেন না, দেশে ফিরে গলাবাজি করবেন, ওই গলাবাজি বন্ধ হয়ে যাবে।”

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড বন্ধ এবং তাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেওয়ার দাবিতে ‘আদর্শ নাগরিক আন্দোলন’র উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

কর্মসূচি শেষে সংগঠনটি আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ জাতিসংঘ ও ওআইসির কার্যালয়ে স্মারকলিপি পেশ, ২৭ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়াসহ বিভিন্ন শরণার্থী শিবিরে চিকিৎসা সেবাসহ ত্রাণ বিতরণ এবং ২৬ মার্চ মিয়ানমারের উদ্দেশ্যে টেকনাফ থেকে লং মার্চ করার ঘোষণা দেয়।

রোহিঙ্গা সংকট সামালে সরকারের কূটনৈতিক তৎপরতার ঘাটতি দেখছেন মাহমুদুর রহমান মান্না।

মিয়ানমার সরকারকে সমর্থন করে রাশিয়ার বিবৃতির পরদিন এই মানববন্ধনে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, দেশে থাকতেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর কাছে, রাশিয়ার প্রধানমন্ত্রীর কাছে ও ভারতের প্রধানমন্ত্রীর কাছে ফোন করবেন কথা বলবেন। আমন্ত্রণ জানাবেন, আসুন আপনাদের রাখাইন রাজ্যে যেতে নাও দেওয়া হয়, আমার দেশে এসে যে রোহিঙ্গা প্রবেশ করেছে তাদের সাথে কথা বলেন।

“আপনি কেবলমাত্র ওই দূতাবাসের লোকজনকে ডেকে দেখাবেন কেন? এখনও কেন জাতিসংঘের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের ডাকছেন না? এই কথাটা বলছি এই কারণে আমাদের মনের মধ্যে সংশয় আছে যে, শেষ পর্যন্ত এই ১০-১১ লক্ষ রোহিঙ্গাকে আপনি ফেরত পাঠাতে পারবেন কি না?”

মিয়ানমার সরকারের কাছে শান্তি দূত হিসেবে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি প্রস্তাব রাখেন অধ্যাপক সুকোমল বড়ুয়া।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, “মিয়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র। তারা বুদ্ধদের কলঙ্কিত করেছে, সারা বিশ্বে বুদ্ধরা কলঙ্কিত হয়েছেন। যেখানে গৌতম বুদ্ধের বাণীতে আমরা শান্তির কথা বলি, অহিংসার কথা বলি, মানবতার কথা বলি সেখানে রোহিঙ্গাদের ওপর নির্মমতা হয়েছে। আমি প্রতিটি মুহুর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, মার্জনা চাই।”

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহহিল মাসুদ, গণসংস্কৃতির সভাপতি এস আল মামুন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।