মানুষ মুক্তির অপেক্ষায়: আমীর খসরু
বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের শাসন থেকে মুক্তির অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহরের বিপ্লব উদ্যানে এক সমাবেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “বাক স্বাধীনতা নাই। সভা-সমাবেশের স্বাধীনতা নাই। দেশের মানুষ এই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তির অপেক্ষায় আছে।
“কিন্তু জনগণ তা মানবে না। জনগণ ঘর থেকে বের হয়ে এসেছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে জনগণ তা মানবে না। বাংলাদেশ মুক্তি পাবে।”
জাতিকে ‘মুক্তি’ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “বিরোধী দলীয় নেতাকর্মীরা অমানবিক নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশ একটি মানবাধিকার হরণের দেশ ও অনিরাপদ দেশে পরিণত হয়েছে।”
শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী বলেন, “র্যালি শেষে নেতারা প্রবর্তক মোড়ের দিকে যাচ্ছিলেন, কারণ তাদের গাড়ি সেদিকে রাখা ছিল। মিছিল নিয়ে যাচ্ছি ভেবে পুলিশ বাধা দেয়। পরে তারা ভুল বুঝতে পারে।”
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক মাহবুবুর রহমান শামীম। উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা শামসুল আলম, এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, মোহাম্মদ আলী, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ।
