২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ-গুমের পেছনে রাষ্ট্রযন্ত্র: ফখরুল

দেশে ‘অপহরণ-গুম’ বেড়ে চলেছে অভিযোগ করে এর পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:18 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশে ক্রমেই গুম বেড়ে চলেছে। গত এক সপ্তাহে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এর মাত্রা বেড়েই চলেছে। আজকে পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাক্ষাৎকারে- তিনিও স্বীকার করেছেন গুমের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

“বাংলাদেশ এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের জনপদ। বিনা বিচারে হত্যা-গুম এখন নিত্যদিনকার ঘটনা। বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ গুম-হত্যার শিকার হচ্ছে প্রতিনিয়ত। গুম হওয়া পরিবার, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে এই পর্যন্ত সংঘটিত সব গুমের পেছনে আঙ্গুল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আগে ২০০৯ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ‘গুম’ হওয়া নেতা-কর্মী ও তাদের পরিবারের দুর্দশার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

বিএনপি মহাসচিব জানান, ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমান গত ২৭ অগাস্ট রাতে নয়া পল্টনের বাসা থেকে সাভারে নিজ বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন, এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

“কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাহেব এখানে এসেছেন, তিনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, তার কোনো খবর পাননি বলে আজকে তিনি এসেছেন এখানে। সন্দেহ করা হচ্ছে তাকেও একই পরিণতি বহন করতে হয়েছে, তিনি (আমিনুর রহমান) গুম হয়েছেন।”

অবিলম্বে কল্যাণ পার্টির মহাসচিবকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি জানান তিনি।

‘গুম’ এর সাথে রাষ্ট্রযন্ত্র জড়িত অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “অধিকাংশ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করলেও পরবর্তীতে কারো কারো লাশ পাওয়া বা আটক ব্যক্তিকে জনসমক্ষে হাজির অথবা কোনো থানায় তাকে হস্তান্তর করা হয়। অতীতে গুমের ঘটনাগুলো সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ও অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বার বার অস্বীকার করেছেন।

“স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে গুম প্রমাণিত হওয়ার পরও অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।”

গুম ও অপহরণের ঘটনাগুলো গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় না বলেও অভিযোগ ফখরুলের।

“আমরা মনে করি, গুম করা হচ্ছে  মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় হীনতম অপরাধের একটি। এই বিষয়টা যদি হালকা করে দেখা হয়, তাহলে কেউই নিরাপদ নয়।

“তাই গণমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে- এ বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনারা এর বিরুদ্ধে দাঁড়াবেন এবং দেশের মধ্যে জনমত সৃষ্টি করবেন, বিশ্বজনমত তৈরি করতে আমাদের সাহায্য করবেন। এতো বড় হীন অপরাধ কখনোই আমরা চলতে দিতে পারি না।”

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত এক হাজারের উপরে নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে।”

গুমের প্রায় সব ঘটনা জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং কয়েকটি ঘটনার তদন্তও চলছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।