২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নার বৈঠকে খালেকুজ্জামান-সাইফুল

আওয়ামী লীগ-বিএনপির বাইরে জোট গড়ার লক্ষ্যে থাকা মাহমুদুর রহমান মান্নার উদ্যোগে এক বৈঠকে যোগ দিয়েছেন বাসদ সম্পাদক খালেকুজ্জামান ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 11:01 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

খালেকুজ্জামানের দল বাসদ কয়েক বছর ধরেই আরেক বাম দল সিপিবির সঙ্গে জোটবদ্ধ। পাশাপাশি দল দুটি সম্প্রতি গণতান্ত্রিক বাম মোর্চার সঙ্গে একজোট হয়েছে, যে মোর্চায় সাইফুল হকের দল রয়েছে।

এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডে মান্নার দল নাগরিক ঐক্যের কার্যালয়ে দুই ঘণ্টার বৈঠকে দেখা গেল তাদের দুজনকে। সিপিবির কোনো নেতাকে এই বৈঠকে দেখা যায়নি।

বৈঠকে পর মান্না সাংবাদিকদের বলেন, “এটা স্রেফ চায়ের দাওয়াত। আমরা যে একটা ঐক্য করবার চেষ্টাটা করছি, যেটা জোট হিসেবে আত্মপ্রকাশ না করলেও একটা ঐক্যপ্রক্রিয়া ক্রিয়াশীল আছে।

“তার সঙ্গে বামমোর্চা, যেটা বাম ঐক্যও করেছে, তাদের সঙ্গে যুগপৎ কর্মসূচি কী কী হতে পারে, তার উপর বিস্তারিত এই বৈঠকে আলোচনা করেছি। ঈদের পর আরও আলোচনা হবে।”

Image
মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)

মাহমুদুর রহমান মান্না (ফাইল ছবি)

বাসদ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “সিপিবি-বাসদের একটা ঐক্য আছে, আমাদের বামমোর্চার একটি ঐক্য আছে। উনারা নাগরিক ঐক্য, গণফোরামসহ বাকিরা আছেন। দেশের পরিস্থিতি কে কিভাবে ভাবছেন, এখন সেই ভাবনাটা জানার জন্য আমরা এই আলোচনা বসেছিলাম।”

বৈঠকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য মফিজুর রহমান কামাল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান টিটোও ছিলেন।

সম্মিলিত কোনো জোট গঠন হতে পারে কি না- প্রশ্ন করা হলে মান্না বলেন, “এমনি বুঝে নিন যে, আমরা যারা আছি ড. কামাল হোসেন, বি চৌধুরী, আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্য- আমরা এখনও মোর্চা ঘোষণা করিনি।

“ওনারা যারা অন্য মোর্চা করেন, তারা এসেছেন। আমাদের মধ্যে সমঝোতাটুকু না থাকলেও তো এই বৈঠকটা হতই না। আমরা আশাবাদী যে তারা এসেছেন, কথা বলেছেন। তারাও এই কথা বলেছেন যেটা আমি বলেছি। তারা মনে করেন যে, দেশে একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার জন্য বামপন্থিরা যথেষ্ট নয়। এজন্য উদার রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য দরকার।”

এটাকে সম্মিলিত প্লাটফর্মের ক্ষেত্র তৈরি করার চেষ্টা বলা যায় কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “হ্যাঁ, হ্যাঁ; সেটারই চর্চা করছি।”

উত্তরায় জেএসডি সভাপতি আসম রব এবং বারিধারায় বিকল্পধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকের পর এবার মান্নার কার্যালয়ে বৈঠক হল।

বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েও আলোচনা হয়।

মান্না বলেন, “এককথায় আমরা সবাই মনে করি এটা যুগান্তকারী রায়। এই রায়ের পক্ষে আমরা দাঁড়াব। আমরা সংসদের উপর চোখ রাখব।

“যেহেতু সংসদে পাস হওয়া একটা বিধান সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সংসদ কী রকম করে রিঅ্যাক্ট করে, সেটা বিচার বিভাগের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে কি না- এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে চিন্তিত।”

খালেকুজ্জামান বলেন, “বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের বিরোধটা জাতির জন্য শুভ না। আমরা মনে করি, আজকে নির্বাহী বিভাগ বা ক্ষমতাসীন দল দায়িত্বশীল আচরণ করছে না।”

পুরনো খবর:

এক মঞ্চে বামপন্থিরা: মুক্তিযুদ্ধের ‘স্বপ্নপূরণে’র লড়াইয়ের ডাক