এক মঞ্চে বামপন্থিরা: মুক্তিযুদ্ধের ‘স্বপ্নপূরণে’র লড়াইয়ের ডাক
নিজেদের মধ্যকার মতভেদ ঘুচিয়ে এক মঞ্চে এসে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে’ জোট-মহাজোটের বাইরে বিকল্প শক্তি সমাবেশ ঘটানোর আহ্বান জানালেন বামপন্থি দলগুলোর নেতারা।
স্বাধীনতাবিরোধীদের নিয়ে জোটবদ্ধ বিএনপির বিপরীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ এখন ‘স্বৈরাচারি’ চরিত্র নিয়েছে অভিযোগ করে এ থেকে মুক্তির সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
‘গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম এবং দুর্নীতি, লুটপাট, দখলদারিত্ব বন্ধ ও জনদুর্ভোগ লাঘবের’ দাবিতে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সিপিবি-বাসদ ও বামমোর্চার রাজনৈতিক ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণার আগে এই যৌথ সমাবেশে যোগ দেন বামপন্থিরা। আগামী মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নতুন এই রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে সমাবেশে জানানো হয়।
সমাবেশে বক্তব্যে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নিজেদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত ‘স্বপ্নের’ প্রকৃত প্রতিনিধি দাবি করে জোট-মহাজোটের বাইরে বামপন্থিদের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগ-বিএনপিকে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গুর’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ঢাকা শহরে কিছু মানুষ চিকুনগুনিয়ায় আবার কিছু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। বাকিরা আতঙ্কে আছে ডেঙ্গু হয় না চিকুনগুনিয়া হয়। দেশের রাজনৈতিক অবস্থাও হয়ে গেছে এরকম। একদিকে আওয়ামী লীগ আরেক দিকে বিএনপি। চিকুনগুনিয়া না ডেঙ্গু। ডেঙ্গুতেও মুক্তি পাবেন না, চিকুনগুনিয়াতেও মুক্তি পাবেন না। আমাদের দায়িত্ব হল, যে এডিস মশা এই জ্বর সৃষ্টি করে সেই এডিস মশাকে পায়ের তলায় পিশে মারা।”
দেশকে ‘বিষাক্ত ছোবলের’ হাত থেকে উদ্ধারের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়ে সিপিবি সভাপতি বলেন, “আমরা সবাই একমত। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে স্বপ্নের রচনা হয়েছিল, সেই স্বপ্নের প্রকৃত প্রতিনিধি হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে। তা করতে হলে জোট ও মহাজোটের বাইরে আমাদের একটা বিকল্প শক্তি-সমাবেশ গড়ে তুলতে হবে।
“তবে সেটা শুধু টেবিলে বসে নেতাদের ঐক্যই নয়, রাজপথে সংগ্রামের মাধ্যমে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করে নতুন আরেকটা গণজাগরণ সৃষ্টি করব।”
বাঙালির মুক্তির সংগ্রাম এখনও শেষ হয়নি মন্তব্য করে মুক্তিযোদ্ধা সেলিম বলেন, “মুক্তিযুদ্ধের নতুন কর্ম বিজয় করতে হবে। এবার নেতৃত্ব বুর্জোয়াদের হাতে থাকবে না, এবার নেতৃত্ব থাকবে বামপন্থিদের হাতে। কর্মীদের কাছে আহ্বান জানাব, ঐক্যের ক্ষেত্রকে চোখের মনির মতো রক্ষা করবেন। আমি নিজেও যদি এদিক-সেদিক করি, পেছন থেকে গরুকে যেমন রাখাল ঠিকপথে পরিচালনা করে, আপনারা নিজে থেকেও একটা ঐক্যের আবহ তৈরি করেন, তৃণমূল পর্যন্ত ঐক্যের ধারাকে প্রবাহিত করুন।”
এখনও লাখ লাখ বামপন্থি কর্মী-সমর্থক হতাশ হয়ে ঘরে বসে আছেন মন্তব্য করে তাদের নতুন ঐক্যে শামিল হওয়ার আহ্বান জানান সিপিবি সভাপতি।
দেশ বর্তমানে ‘চরম বিপর্যয়ের’ মধ্যে রয়েছে এবং গণতন্ত্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ‘দুর্বল করে ধ্বংস’ করা হয়েছে বলে মনে করেন সেলিম।
তিনি বলেন, “চারদিক থেকে দেশ একটা চরম বিপর্যয়ের মধ্যে আছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্রের মূল প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ধ্বংস করা হয়েছে। এক ধরনের স্বৈরতান্ত্রিকই শুধু নয়, ফ্যাসিস্ট প্রবণতা সরকারি কার্যকলাপেই নয়, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করেছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।”
দীর্ঘ সময় দেশে সামরিক শাসন জারি থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। জিয়া শাসনের বিরুদ্ধে, এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে।
“একবার রাজাকারকে হারিয়েছি, একবার স্বৈরাচারকে হারিয়েছি। বীরের জাতি আমরা বিজয় অর্জন করতে জানি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। কী দুর্ভাগ্য দেশে দুটি জোট আছে, এক জোটে রাজাকার, আরেক জোটে স্বৈরাচার। এটি জনগণ কোনোদিন মেনে নিতে পারে না।”
তিনি বলেন, “দেশে সাম্যের পরিবর্তে অসাম্য, মানবিক মর্যাদার বদলে চরমভাবে মানুষকে মর্যাদাহীন করা হচ্ছে। আইন, সামাজিক বিচার বলতে কোনো বিচার নেই। প্রতিদিন নারী নির্যাতন, লুণ্ঠন, অমানবিক খবর প্রকাশিত হয়। স্বাধীনতার ৪৬ বছর পরও শাসক শ্রেণি মুক্তিযুদ্ধের বদলে রাজাকারের বাংলাদেশের চেহারা আমাদের সামনে হাজির করেছে।”
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “বাংলাদেশের একটি ক্রান্তিলগ্নে ও বিশেষ পরিস্থিতিতে আমরা এই সমাবেশ করছি। এই সমাবেশ থেকে একটি রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা করছি।”
তিনি বলেন, “দেশে একটা ব্যবস্থাগত স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদ জারি হয়েছে। এই ব্যবস্থাগত স্বৈরতন্ত্রের চালকের আসনে বসে আছেন আওয়ামী লীগ, শেখ হাসিনা। শেখ হাসিনা বদলে গেলেই এই স্বৈরতন্ত্র বদলাবে না। এই শাসনের কিরুদ্ধে অবশ্যই আমাদের লড়াই করতে হবে।
“এই ব্যবস্থাগত স্বৈরতন্ত্র জনগণকে ক্ষমতাশীল করবে না। এই ব্যবস্থাগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্তরের এক ধারা বাতিল করতে হবে। প্রধানমন্ত্রীকেন্দ্রিক যে শাসন কাঠামো তা বাতিল করে, এর মধ্যে ভারসাম্য আনার জন্য সব সাংবিধানিক পদগুলোতে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ সবগুলো জায়গাতে সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে।”
সমাবেশ থেকে আগামী ৯ অগাস্ট ‘ঘুষ, দুর্নীতি-লুটপাট ও অর্থপাচার রুখে দাঁড়ানোর বিরুদ্ধে’ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়।
সমাবেশ অন্যদের মধ্যে বামমোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু প্রমুখ বক্তব্য দেন।
