নির্বাচনকালীন সহায়ক সরকার ও সেনাবাহিনী চায় বিএমএল
সংসদ ভেঙে সহায়ক সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।
২০ দলীয় জোটের এ শরিক দলটি সোমবার নির্বাচন কমিশনের সংলাপে এ প্রস্তাব রেখেছে।
সেই সঙ্গে ভোটে বিচারকি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন ও রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবি জানায় দলটি।
বেলা ১১টার পর থেকে ঘণ্টাব্যাপী আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সংলাপ শুরু হয়।
বিএমএল সভাপতি এ এইচ এম কামরুজ্জামান ও মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরীসহ দলের ১০ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন।
সংলাপে দলটির পক্ষ থেকে নির্বাচনকালীন সহায়ক সরকার ও সেনা মোতায়নেসহ ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়।
এসবের মধ্যে তফসিল ঘোষণার পর বর্তমান সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নির্বাচনকালীন দলনিরপেক্ষা তত্ত্বাধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে নির্বাচন, ভোটের ৩০ দিন আগে থেকে ভোটের পর অন্তত ১৫ দিন পর্যন্ত সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখার দাবি রয়েছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ভোটের কার্যকর পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অর্থ ও পেশি শক্তির ব্যবহার বন্ধ, প্রকাশ্যে ভোটের ফল ঘোষণা, নিবন্ধিত সব দলের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা, ভোটের এক বছর আগে থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সরকারি সুবিধা নিয়ে প্রচারণা বন্ধ রাখা, প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং ভোটের ৩ মাস আগে রাজনৈতিক মামলা প্রত্যাহার।
সংলাপ শেষে ইসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেন বিএমএল মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ২০ দলীয় জোটের শরিক হওয়ায় রোববার রাতে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করেই এসব সুপারিশ উপস্থাপন করেছি। তবে এসব সুপারিশ আমাদের স্বতন্ত্র প্রস্তাব।”
তিনি জানান, কমিশন এসব সুপারিশের অধিকাংশই তাদেরও মত বলে জানিয়েছে।
সংলাপে সিইসি, চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব ও দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকালে খেলাফত মজলিশের সঙ্গে সংলাপে বসে ইসি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির মত বিনিময় শুরু হয়।
১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হয় আলোচনা। অক্টোবর পর্যন্ত নিবন্ধিত ৪০টি দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ অধিকাংশ দলের সংলাপসূচি এখনও চূড়ান্ত হয়নি।
