২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির পদত্যাগে বিচার বিভাগ ধ্বংস হবে: মোশাররফ

ক্ষমতাসীনদের চাপে মুখে প্রধান বিচারপতির পদ থেকে একে সিনহা পদত্যাগ করলে দেশের বিচার বিভাগ ‘ধ্বংস হয়ে যাবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

রোববার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে ‘একক’ শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ক্ষমতাসীনরা রাষ্ট্রের মূল স্তম্ভকে ধ্বংস করার ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে।

তিনি বলেন, “সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে বর্তমান সরকারের ঘুম হারাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দলের সাধারণ সম্পাদক, মন্ত্রী ও তাদের সমর্থকরা আজকে সুপ্রিম কোর্টের রায়টিকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য হেন ষড়যন্ত্র নাই, হেন কৌশল নেই তারা গ্রহণ করছেন না।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

“তারা আজকে রাস্তায় মানববন্ধন করছেন, সাংস্কৃতিক কর্মীরা বাঁশের লাঠি নিয়ে মিছিল করছে। কিসের জন্য? একটি রায়ের বিরুদ্ধে। আমরা বলতে চাই, যে কোনো রায়ের বিরুদ্ধে কথা বলা-এটা হচ্ছে আদালত অবমাননা।”

জাতীয় কবি নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আলোচনায় খন্দকার মোশাররফ বলেন, “তারা (সরকার) বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। প্রধান বিচারপতিকে বলা হচ্ছে- আপনি পদত্যাগ করুন। এটা নজিরবিহীন।

“আমরা মনে করি, প্রধান বিচারপতি একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। আমরা বলতে চাই, প্রধান বিচারপতিকে যদি পদত্যাগ করতে হয় তাহলে এদেশে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। আমাদের এক সাগর রক্তের বিনিময় যে স্বাধীনতা, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা- সব কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে।”

দেশের বর্তমান অবস্থাকে ‘শ্বাসরুদ্ধকর’ অভিহিত করে এই বিএনপি নেতা বলেন, “আজকে গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সে বন্দী, আজকে জনগণ নিজের ভোট দেওয়ার অধিকার হারিয়েছে, কথা বলার অধিকার হারিয়েছে, সভা-সমাবেশ করার অধিকার নেই।”

‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্য ও সঙ্গীতে কবি নজরুল ইসলামের অবদান’ শিরোনামে এই সভায় অন্যদের মধ্যে কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপিকা শায়লা আখতার, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ উপস্থিত ছিলেন।