ত্রাণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ভোট চাইছেন: বিএনপি
বন্যা দূর্গতদের ত্রাণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট চাইছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার এক সংবাদ সম্মেলনে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘‘আজকে আমরা লক্ষ্য করছি, সরকার যেখানে ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে প্রধানমন্ত্রী গতকালও জনসভা করছেন। সেই জনসভায় তিনি মানুষের কাছে ভোট চেয়েছেন।”
খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ত্রাণ কার্য্ক্রমে গিয়ে ‘কখনও রাজনীতিকে প্রাধান্য দেননি’ বলে দাবি করেন তথনকার খাদ্যমন্ত্রী নোমান।
তিনি বলেন, “যেখানে আর্ত মানবতার সেবায় সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ত্রাণকাজে নিয়োজিত হওয়ার কথা, সেখানে নৌকা মার্কায় ভোট চাইছেন এখনকার প্রধানমন্ত্রী। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।”
বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী নোমান জানান, তার দল দেশের উত্তরাঞ্চলের ২৭ জেলায় ত্রাণ বিতরণ করছে।
“যেটুকু আমরা খবর পাচ্ছি, বন্যা দুর্গত এলাকার জনগণ আমাদের কাছে অভিযোগ করেছে, সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে যারা ত্রাণ দিতে যাচ্ছে, তা খুব একটা লক্ষ্যণীয় না। তারা সেইসব ত্রাণসামগ্রি তাদের কর্মী ও তাদের লোকজনকে বিতরণ করছে, সাধারণ মানুষের মধ্যে না।”
নোমান বলেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলের সদস্যরা বন্যাদুর্গত এলাকায় কাজ করছে।
“এই ত্রাণ কার্য্ক্রম চলবে। ক্ষমতায় আমরা নেই, কিন্তু আমরা জনগণের সাথে আছি। গণতন্ত্র প্রতিষ্ঠায়ও আছি, ত্রাণ কাজেও আছি।”
বিএনপির পক্ষ থেকে দুর্গত এলাকায় কৃষকদের মধ্যে সোমবার থেকে সীমিত আকারে বীজধান বিতরণ করা হবে এবং ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করবে বলে জানান নোমান।
বন্যা দুর্গতদের পুনর্বাসনে সরকারের প্রতি সাত দফা সুপারিশ তুলে ধরেন এই বিএনপি নেতা।
এগুলো হলা- সুদ মুক্ত কৃষিঋণ প্রদান, অতি দ্রুত গৃহ নির্মাণের ব্যবস্থা করা, গো-খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা, কৃষকদের বিনামূল্যে ধানের চারা বিতরণ, গবাদী পশু কেনার জন্য বিনাসুদে আর্থিক অনুদান, বানভাসীদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, প্রয়োজনীয় ওষুধ সরবারহ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার ও ক্ষতিগ্রস্ত স্কুল-কলেজ মেরামত করা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য শামসুজ্জামান দুদু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান, মাহবুবুল হক নান্নু, নেওয়াজ হালিমা আরলী, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।
