২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ষড়যন্ত্র নীলকণ্ঠ হয়ে রুখবে আ. লীগ: চুমকি

বিএনপি বিদেশে বসে ‘ষড়যন্ত্রের নীল নকশা’ করছে অভিযোগ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘যতই ষড়যন্ত্র করুক, আওয়ামী লীগ নীলকণ্ঠ হয়ে তা মোকাবেলা করবে’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

শুক্রবার সকালে ঢাকা রির্পোটার ইউনিটির সাগর-রনি মিলনায়তনে শোক দিবস উপলক্ষে এক আলোচনা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “যারা বঙ্গবুন্ধর আর্দশের বিশ্বাসী নয়, যারা বার বার এদেশের মানুষের কাছে পাকিস্তানি আদর্শ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারা এই মাসটিতে (অগাস্ট) বঙ্গবন্ধুকে হত্যা করেছে। একুশে অগাস্ট শেখ হাসিনাকেও হত্যার জন্য বোমা মেরেছিল।”

চুমকি বলেন, “কারা যুদ্ধাপরীদের বিচার রুখতে চেয়েছিল, কারা বঙ্গবুন্ধ খুনিদের সুযোগ সুবিধা দিয়েছে এবং একুশে অগাস্টের গ্রেনেড হামলায় কারা জড়িত, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এই হামলার বিচার চলছে, বিচারের রায় হলে জাতির সামনে উন্মোচিত হবে।”

একুশের অগাস্টের ওপর গবেষণা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই হামলার ঘটনা গবেষণার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।

যুক্তরাজ্যে অবস্থান বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, “দূরে গিয়ে নানান ধরনের নীল নকশা করছে।

“তারা যতই নীল নকশা করুক, আওয়ামী লীগ নীলকণ্ঠ হয়েছে গেছে। যত ধরনের অত্যাচারে আসুক না কেন, যত ধরনের ষড়যন্ত্র আসুক না কেন- সেটা মোকাবেলা করার দৃঢ়তা... মনোবল (আওয়ামী লীগের) আছে।”

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

একুশে অগাস্টের গ্রেনেড হামলা ‘নারকীয় ঘটনা’ আখ্যায়িত করে অধ্যাপক আরেফিন বলেন, “একুশের গ্রেনেড হামলায় নিহতের সংখ্যা বেড়ে চলেছে। আগে ২৪ জন মারা গেলেও এ হামলায় আহতরা এখনো মৃত্যুর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে।”

এখনও মীরজাফর-মোশতাকরা ষড়যন্ত্র করে চলছে মন্তব্য করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পরিষদ বঙ্গবুন্ধর জামাতা এস এম ওয়াজেদ মিয়ার হাতে গড়া সংগঠন জানিয়ে এর সব নেতাকর্মীদেরকে বঙ্গবুন্ধর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান উপাচার্য আরেফিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক স ম রেজাউর করিম ও ঢাকা দক্ষিণ মহানগর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশিদা বেগম।