দলগুলোর সংলাপের প্রথম দিনে ইভিএমে আপত্তি
একাদশ সংসদ নির্বাচনে আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া দল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট পরবর্তী সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে আপত্তি জানিয়েছে।
এদিন সকালে বিএনএফকে দিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও বন্যাকে কারণ দেখিয়ে তারা আসেনি। বিকালে মুক্তিজোটের ১২ নেতার সঙ্গে বৈঠক করেন সিইসি কে এম নূরুল হুদাসহ নির্বাচন কমিশনাররা।
মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ইভিএমে আপত্তির বিষয়ে সাংবাদিকদের বলেন, “ই ভোটিংয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে মানুষের প্রস্তুতিও প্রয়োজন রয়েছে। তা মাথায় রেখে স্থানীয় সরকার নির্বাচনে ই ভোটিং করে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বিষয় ভাবার জন্যে প্রস্তাব দেওয়া হয়েছে।
“ইভিএম নিয়ে চলমান বিতর্কের মধ্যে এ মুহূর্তে প্রযুক্তিটি ব্যবহার না করার জন্যে বলেছি। সংসদ নির্বাচনে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি অবান্তর। সুতরাং প্রস্তুতি ও প্রতীক্ষায় শ্রেয়।”
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইভিএমের পক্ষে হলেও বিএনপি এর বিরোধিতা করে আসছে।
নিবন্ধিত দলগুলোকে নিয়ে জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনারকে প্রধানও এই পরিষদে থাকবেন।
বিএনএফ আরও এক মাস পরে তাদের সংলাপে ডাকার আবেদন জানিয়ে যে চিঠি দিয়েছে, তা ইসি বিবেচনা করে দেখবে বলে জানান ভারপ্রাপ্ত সচিব।
“তাদের সুবিধা-অসুবিধা থাকতে পারে, এটা খতিয়ে দেখার বিষয় নয়। আমার কমিশনের কাছে আবেদনটি উপস্থাপন করব, সময় দেওয়ার বিষয়ে ইসি বিবেচনা করবে।”
গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করল ইসি।
৪০টি নিবন্ধিত দলের মধ্যে নিবন্ধন ক্রমের নিচ থেকে এবার আমন্ত্রণ জানানো হয়েছে।
হেলালুদ্দীন জানান, এ পর্যন্ত ২৪, ২৮ ও ৩০ অগাস্ট এবং ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর ১২টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যদের সংলাপের দিন চূড়ান্ত করে আমন্ত্রণপত্র পাঠানো হবে।
