বিএনপি নেতাদের মূত্রও পরীক্ষার দরকার: হাছান
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে পদ প্রত্যাশীদের মূত্র পরীক্ষার পর বিএনপি নেতাদের মূত্রও পরীক্ষার দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বোয়ালমারীতে ছাত্রনেতাদের মাদকমুক্ত করার জন্য মূত্র পরীক্ষা করা হয়েছে। বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদেরও মূত্র পরীক্ষা দরকার।
“বিএনপি নেতাদের মধ্যে তারেক রহমান ও গয়েশ্বর বাবুর মূত্র আগে পরীক্ষা করার দরকার। তারা যেভাবে তাল মাতাল হয়ে কথা বলেন, তাদের আগে মূত্র পরীক্ষা করুন।”
ছাত্রনেতাদের মাদকমুক্ত করার আশায় বোয়ালমারী উপজেলায় ছাত্রদলের পদ প্রত্যাশীদের মূত্র পরীক্ষার উদ্যোগ নেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মো. আবু জাফর।
রাজধানীর আলোচনা সভা থেকে এ নিয়ে মন্তব্যের পাশাপাশি ষোড়শ সংশোধনী বাতিলে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে বিএনপির বিভিন্ন প্রতিক্রিয়ার সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
হাছান বলেন, “সুপ্রিম কোর্টের রায়ের পর আপনারা অনেক কথা বলছেন। সুপ্রিম কোর্টের অন্য একটি রায়ে আপনাদের অবৈধ সংগঠন বলা হয়েছে। সেই বিষয়টিও আপনাদের মনে করা প্রয়োজন। কারণ সেই রায়ের আলোকে চাইলে নির্বাচন কমিশন বিএনপিকে নিষিদ্ধ করতে পারে।”
