খালেদার বিচার প্রভাবিত করছে দুদক, অভিযোগ বিএনপির
দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের এজেন্ডা বাস্তবায়নে খালেদা জিয়ার মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দুর্নীতি দমন কমিশনের বক্তব্যকে আমরা বিচার প্রক্রিয়াকে বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবার সামিল বলে মনে করছি।
“আমাদের কছে মনে হয়েছে যে দুদক চেয়ারম্যানের এই বক্তব্য হচ্ছে সরকারের বক্তব্য। দুর্নীতি দমন কমিশন সরকার রাজনৈতিক যেসব এজেন্ডা আছে, সেগুলো বাস্তবায়িত করার জন্য কাজ করছে।”
গত বৃহস্পতিবার দুদকের করা জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির পর খালেদা জিয়ার আইনজীবীদের প্রতি ইঙ্গিত করে চেয়ারম্যান ইকবাল মাহমুদ মামলা পরিচালনায় বাধা পাওয়ার অভিযোগ তোলেন।
তিনি বলেন, “আমাদের আইনজীবী ও ডিজি আজকে বলছেন, আমাদের কোনো কোনো মামলায় দেখা যাচ্ছে যে অহেতুক সময় চাওয়া হচ্ছে। পরিবেশ অনেক সময়.. এমন হয় যে, মামলাটা পরিচালনাই করতে পারছেন না।
“শাস্তির প্রশ্ন তো পরে। আমরা মামলা শেষ করতে চাই, কিন্তু মামলা শেষ করতে পারছি না।”
দুদক চেয়ারম্যানের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “দুর্নীতি দমন কমিশন একটি নিরপেক্ষ ও স্বাধীন প্রতিষ্ঠান। অতি সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বা মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি শুধু দুর্ভাগ্যজনকই নয়, আমরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছি, গোটা জাতি হতাশ হয়েছে।
“তার বক্তব্যে দুর্নীতি দমন কমিশন ও সরকারের ভূমিকা এক্ষেত্রে একাকার হয়ে গেছে বলে আমরা মনে করি। এর ফলে সম্প্রতি সংঘটিত বিভিন্ন ঘটনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের যে মামলাগুলো চলছে, এই মামলাগুলোতে ন্যায়বিচার পাওয়া নিয়ে আমরা শঙ্কিত রয়েছি।”
অতীতে দুদকের দায়ের করা মামলার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী তখন তিনি বিরোধী দলে ছিলেন, তখন যেসব দুর্নীতির মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, সেগুলো হাই কোর্টে যখন চলছিল, তখন সেই মামলাগুলো দুদক সঠিকভাবে পরিচালনা করবার জন্য কতটুকু ব্যবস্থা গ্রহণ করেছেন তা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে।
“এমনকি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলার যে রায় হলো অর্থাৎ সেটা খারিজ করে দিল, তার বিরুদ্ধে কোনো আপিলও তারা করেননি।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বিচারাধীন বিভিন্ন মামলায় হাজির হননি, সময় নিয়েছেন। মামলা বাতিল হওয়ার পরও দুদক কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।”
“শুধু তাই নয়, বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলায় আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ সেলিম ১৬৪ ধারায় যে জবানবন্দি প্রদান করেছিলেন এবং দুদকের পক্ষপাতিত্বের কারণে সেটা বাতিল হয়েছে গেছে বলে জনগণের একাংশের ধারণা। দলের প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরীর ছেলে নজিরবিহীনভাবে আদালত থেকে জামিন না নিয়ে মামলা খারিজ করে নিয়েছেন। দুদক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।”
দুদকের প্রায় সব আইনজীবী আওয়ামী লীগের সমর্থক দাবি করে ফখরুল বলেন, “এটা প্রমাণ করে দুর্নীতি দমন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে নিয়োজিত হয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিমূল করে দেয়া ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে।”
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচারিক আদালতের রায় বাতিলে দুর্নীতি দমনে কমিশনের দ্রুত আপিল করার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
