২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতের কথা ভয়ঙ্কর: মওদুদ

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যকে ‘ভয়ঙ্কর’ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 02:50 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

তিনি বলেন, “সরকারের একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী তিনি কালকে (শুক্রবার) বলেছেন যতবার এই ষোড়শ সংশোধনী বাতিল হবে, ততবারই আবার তারা সেই বিল বা আইন পাস করবেন। অর্থাৎ সংবিধানকে সংশোধন করবে। এটা একটা ভয়ঙ্কর কথা।

“এটাতে প্রমাণ করে যে, সুপ্রিম কোর্ট বা আমাদের উচ্চতম আদালত বা বিচার বিভাগের প্রতি তাদের কোনো আস্থা নাই এবং তারা এই বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না।”

শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনা সভায় এরশাদ সরকারের নিজের সহকর্মী মুহিতের বক্তব্য নিয়ে এই প্রতিক্রিয়া জানান সাবেক আইনমন্ত্রী মওদুদ।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরত নিয়ে সংবিধানে আনা ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে শুক্রবার কথা বলেছিলেন অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “এটা আমরা অ্যাসেম্বলিতে আবার পাস করব.. এইআইনটা। এই কন্সটিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিসিয়ারি কতদূর যায়।”

সুপ্রিম কোর্টের আইনজীবী মওদুদ বিচার বিভাগের সঙ্গে বিরোধে না যেতে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে দেন।

“সরকার যদি মনে করেন তারা বিচার বিভাগের সঙ্গে প্রতিযোগিতায় নামবেন। তাহলে আমি বলতে চাই যে, সেই প্রতিযোগিতায় আপনারা পরাজিত হবেন।

“কারণ যারাই বিচার বিভাগের উপর হাত দিয়েছে, সেই হাত পুড়ে যায়। বিচার বিভাগ সারভাইভ করে যায়, পার্লামেন্ট সারভাইভ করতে পারে না, সরকারও সারভাইভ করতে পারে না।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেও মনে করেন এই বিএনপি নেতা।  

“এই রায় শুধু ঐতিহাসিক নয়, এই রায় দেশের ১৬ কোটি মানুষের মনের ইচ্ছা প্রকাশ করেছে। এই রায়কে জাতীয় দলিল বলে আমরা আখ্যায়িত করতে পারি।”

‘নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন : প্রয়োজন রাজনৈতিক ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় দুদকের মামলায় খালেদা জিয়ার জামিন বাতিলে রাষ্ট্রপক্ষের আবেদনেও ক্ষোভ প্রকাশ করেন মওদুদ।

Image
মওদুদ আহমেদ (ফাইল ছবি)

মওদুদ আহমেদ (ফাইল ছবি)

“চিকিৎসা শেষ হলে তিনি (খালেদা) অবশ্যই দেশে ফিরে আসবেন। তার এই বিদেশ সফর নিয়েও নানারকম কথা-বার্তা বলা শুরু করেছে। আদালত থেকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে, কেন তিনি আদালতে উপস্থিত হবেন না। অথচ আদালত জানেন যে তিনি বিদেশে আছেন।”

নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীসহ সারাদেশের বিভিন্ন স্থানে দলের সদস্য সংগ্রহ অভিযানে ঘরোয়া সভার কর্মসূচির অনুমতি না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

নাগিরক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও সহসভাপতি পারভেজ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম হাসান তালুকদার বক্তব্য রাখেন।

সভার বিশেষ অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন যানজটের কারণে দেরিতে উপস্থিত হন, তারা বক্তব্য রাখেননি।

‘অর্থমন্ত্রীর বক্তব্য অশনি সঙ্কেতের ইঙ্গিত’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে একে ‘অশনি সঙ্কেতের ইঙ্গিত’ বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “অর্থমন্ত্রীর এই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার।

“তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য। এমনিতে এদেশে গণতন্ত্র রুগ্ন অবস্থা, মৃত্যুপ্রায়; সেখানে অর্থমন্ত্রীর এই বক্তব্যে একটা অশুভ ইঙ্গিত বহন করছে।”

এর মধ্য দিয়ে আদালতের প্রতি ক্ষমতাসীনদের অশ্রদ্ধার প্রকাশ ঘটেছে বলে মনে করেন বিএনপির এই নেতা।

সংবাদ ব্রিফিংয়ে রিজভীর সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, আবদুল আউয়াল খান, মুনির হোসেন।

পুরনো খবর:

ষোড়শ সংশোধনী আবার পাস হবে: মুহিত
মুহিতের কথা বয়সের দোষে: মনজিল মোরসেদ