২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের মতো রাজনীতিকরাও বেপরোয়া: কাদের

মাদক পুরো দেশকে গ্রাস করে ফেলেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকরাও ‘মাদকের মতো বেপরোয়া’ হয়ে উঠেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 09:25 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

বৃহস্পতিবার মাদকবিরোধী এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “দেশে মাদক যেমন বেপরোয়া, রাজনীতিকরাও বেপরোয়া। রাস্তায় চালকও বেপরোয়া, চিকুনগুনিয়ার পরে এখন ধর্ষকও বেপরোয়া।

“আর বেপরোয়া রাজনীতির ড্রাইভারও; শুরু হয়ে গেছে, কখন যে এরা কি দুর্ঘটনা ঘটায়, আল্লাহই জানে!”

সরকারের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাই জি এম কাদের বুধবার বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাড়িতে কয়েকজন রাজনীতিকের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরদিন একথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই বৈঠকে সরকারের সমালোচক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীও ছিলেন।

রাজনীতিবিদদের বক্তব্য ‘মাদকের চেয়েও ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে আমরা সবাই প্রতিপক্ষকে গালাগাল করি। আমরা রাজনীতিকরা একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করি, ফরমালিনের মতো বিষ প্রয়োগ করি। এ বিষ মাদকের চেয়েও ভয়ঙ্কর। দেশের রাজনীতি কি শুধু পরস্পরকে গালাগাল করা?

“শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও এমন কথা বলে, ছাত্ররা এমন অবস্থা দেখে মনে করে রাজনীতি না করাই ভালো। রাজনীতিবিদদের নেগেটিভ দিক তাদের নেগেটিভ বক্তব্যেই ফুটে ওঠে।”

ওবায়দুল কাদের বলেন, মানুষ এখন টেলিভিশনে এন্টারটেইনমেন্ট দেখে, রাজনীতিবিদদের বক্তব্য শোনে না।

“কোনো কোনো নেতা মুখ দিয়ে এমন ফরমালিনের বিষ নির্গত করেন যে, মানুষ টেলিভিশন বন্ধ করে দেন।”

মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এদেশে এখন রাজনীতি করতে যোগ্যতার প্রয়োজন পড়ে না। কারণ যোগ্যরা না এলে অযোগ্যরাই দেশ চালাবে। খারাপ লোকের হাতে রাজনীতি গেলে, তা খারাপ লোক দ্বারাই চলবে।

“মেধাবীরা না এলে মেধাহীনরা দেশ চালাবে, চরিত্রবানরা না এলে চরিত্রহীনরা দেশ চালাবে। এমন দেশ আমরা চাই না। ভালো লোকদের রাজনীতিতে আসতে হবে। ভালো লোকরা আসলে খারাপ লোকের সংখ্যা কমে যাবে।”

মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তির পক্ষে অবস্থান জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, “মাদকও বেপরোয়া, আর মাদকাসক্তরাও বেপরোয়া। এটি প্রতিহত করতে মাদক ব্যবসা বন্ধ করতে হবে। আর সে কারণেই দুই-একজন মাদক ব্যবসায়ীকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। কঠিন শাস্তি না দিলে এটি প্রতিহত করা যাবে না।”

জনপ্রতিনিধিদের কেউ মাদক সেবন করলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “জনপ্রতিনিধিদের নামে মাদকের অভিযোগ থাকলে তাদের কাউন্সিলিং করা হবে। আর কাউন্সিলিংয়েও যদি বন্ধ না হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে সড়কে শৃঙ্খলা আনতে না পারার ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, “এটি আমার জন্য একটা চ্যালেঞ্জ।”

শিক্ষার্থীদের ‘রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস উল্টো পথে যাওয়ার সমালোচনা করেন তিনি।

প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “মানসম্মত শিক্ষা চাই। নকল করে পাস করা, প্রশ্ন লিকের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করা- এমন পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চাই না।”

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকবিরোধী সংগঠন মানসের সভাপতি অরূপ রতন চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম ও মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার।