বঙ্গবন্ধুর রক্তঋণ শোধে ষড়যন্ত্র নির্মূল করতে হবে: ইনু
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তঋণ পরিশোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে।
বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ‘দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির’ বিরুদ্ধে দলীয় সমাবেশে একথা বলেন তিনি।
ইনু বলেন, “অগাস্ট মাস জাতির জন্য সবচেয়ে কঠিন শোকের মাস। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই অগাস্টে বারবার আঘাত হেনেছে দেশ ও জাতির উপর। অগাস্ট মাস জাতির উপর সমচেয়ে বড় ষড়যন্ত্রমূলক আঘাতের মাস।”
“অগাস্টেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সংবিধানকে পদদলিত করা হয়েছিল, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা হয়েছিল।”
মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনি এবং ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির ধারক-বাহকরা এখনও বাংলাদেশের উপর ‘আঘাত হানছে, জঙ্গি-সন্ত্রাস চালাচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।
ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র-সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জাসদের নেতা-কর্মীদের রাজপথে আসার আহ্বান জানান ইনু।
সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল বেরিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে গিয়ে শেষ হয়।
