২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির ওপর আস্থা হারানোর কিছু হয়নি: এরশাদ

বিএনপি কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে নিয়ে সমালোচনায় মুখর হলেও এখনই আস্থা হারানোর মত কিছু দেখছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 05:07 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চান তিনি।  

ইজাব গ্রুপের স্বত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বাঘুর জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে রোববার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।

ইসির প্রতি বিএনপির আস্থাহীনতার বিষয়টি তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এমন কিছু করেননি, যে তার ওপর থেকে আস্থা হারাতে হবে।”

নির্বাচন কমিশনের সংলাপের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “তিনি (সিইসি) আমাদের ডাকলে আমরা অবশ্যই যাব, আলোচনা করব। আলোচনা করলে বোঝা যাবে, নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য।”

২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে গত ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

এর অংশ হিসেবে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইসির মতবিনিময় শুরু হচ্ছে সোমবার থেকে।

কমিশনের ওই রোডম্যাপ প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই রোডম্যাপে ‘পুরনো কায়দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা’ দেখতে পাচ্ছেন তারা।

বিএনপি বলে আসছে, আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন তারা মেনে নেবে না। 

এ বিষয়ে প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “আমরা প্রত্যাশা করি, সংবিধান অনুসারে সাংবিধানিক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টি সবসময় নিগৃহীত হয়েছে।”

ইজাব গ্রুপের স্বত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান বাঘু এ অনুষ্ঠানে এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।