‘সহায়ক সরকার’ নিয়ে বিএনপি নেতাদের সমালোচনায় জাফরুল্লাহ
নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সভায় বিএনপিপন্থি এই পেশাজীবী নেতা বলেন, “বিএনপির নেতারা খালি বক্তৃতা দিচ্ছেন, সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, এটা একটা বাজে বক্তৃতা। দুর্ভাগ্য হল- বিএনপি আজকে পর্যন্ত বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নিজেদের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করছেন না সহায়ক সরকারের রূপরেখা কী হবে। আজকে পর্যন্ত আপনারা তা করলেন না।
“আমি বলতে চাই, এসব নিয়ে আলোচনা যদি না হয় তাহলে দেশে কখনও গণতন্ত্র আসবে না। গণতন্ত্র না আসলে দেশে একনায়কতন্ত্র জেঁকে বসবে বিভিন্নভাবে।”
বিএনপির নেতাদের উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক সরকার খারাপ পদ্ধতি নয়, ভালো পদ্ধতি। তবে আপনাদের বলতে হবে, যেহেতু সুষ্ঠু নির্বাচন চান, গণতন্ত্র চান, সহায়ক সরকার নিয়ে আমাদের কাজ করতে হবে-এভাবে কথা বলতে হবে।”
ভারতকে ইঙ্গিত করে তিনি বলেন, “যতদিন আমার এই পার্শ্ববর্তী দেশের একটা বিশেষ শ্রেণির শাসক থাকবে, ততদিন আমাদের এখানে সহজে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
ভারত সরকারের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে যে অবস্থা ছিল, জম্মু-কাশ্মিরে তার চেয়েও খারাপ অবস্থা। উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে দুই বছরে ১৫০০ লোক গুম হয়েছে।
“ভারতের এসব বিষয়ে যে কেউ কথা বলবে, তার ফরহাদ মজহারের অবস্থা হবে।”
আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে, তা আগেই প্রকাশ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিএনপি ও সম্মিলিত বিরোধী দলকে বলতে হবে, তারা ক্ষমতায় আসলে কী কী পরির্বতন করবে। যেমন স্বাস্থ্য সেবা নিয়ে তাদের ভাবনা কী? আমরা মনে করি, এই খাতে একটা পরিবর্তন দরকার, সুলভ মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। ক্ষমতায় আসার সাতদিনের মধ্যে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে- এসব কথা বিএনপিকে বলতে হবে।
“সামরিক বাহিনীর জন্য যেসব সুন্দর সুন্দর হাসপাতাল আছে, সেখানে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কেন সুযোগ-সুবিধা পাবে না? অন্ততপক্ষে বিএনপি এটা বলতে পারে, সকল শৃঙ্খলা বাহিনী সামরিক বাহিনীর সকল রকমের সুবিধা পাবেন। মহিলা শ্রমিকরা সামরিক বাহিনীর মতো রেশন পাবেন, যাতে তাদের স্বাস্থ্যটা ভালো থাকে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সংবিধানের কয়টি ধারা পরিবর্তন করবেন আপনারা, সেটা বলুন।”
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদের স্মরণে এই সভায় অন্যদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্য দেন।
