জলজট নিরসন নয়, টাকা কামাতে ড্রেন তৈরি: আব্বাস
ঢাকায় নতুন নর্দমা নির্মাণের কারণ হিসেবে পানি অপসারণের কথা বলা হলেও বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন, জলাবদ্ধতা নিরসন নয়, উন্নয়নের নামে অর্থ উপার্জনের জন্য এগুলো করা হচ্ছে।
ঢাকায় জলাবদ্ধতা নিরসন করতে চাইলে ভরাট হওয়া খালগুলো সংস্কার করা জরুরি বলে মনে করেন নগরীর এই সাবেক মেয়র।
রোববার বিকালে ঢাকায় এক সভায় মির্জা আব্বাস বলেন, “আমি সিটির মেয়র ছিলাম। আমি দেখলাম আমার বাড়ির (শাহজাহানপুর) সামনে উত্তরে-দক্ষিণে, পূর্ব-পশ্চিমে পুরো ঢাকা শহরজুড়ে ড্রেন (নর্দমা) করে ভরে ফেলল। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞাসা করলাম, এই ড্রেন কেন হচ্ছে? তা উনি বললেন, স্যার জলাবদ্ধতা নিরসনের জন্য।
“আমি বললাম, জলাবদ্ধতা নিরসন না উন্নয়নের নামে মাল কামানো-কোনটা? উন্নয়নের নামে মাল কামানো।”
ঢাকা শহরে কয়েক বছর আগের চেয়ে এখন জলাবদ্ধতা বেড়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “শীতকালে ধুলা আর বর্ষাকালে এই সময় বৃষ্টি আর জলজট-জলাবদ্ধতা। উনারা (ক্ষমতাসীনরা) অবৈধভাবে টাকা উপার্জন করার জন্য অন্যায়ভাবে ঢাকা শহরের রাস্তা-ঘাটগুলো কাটল।”
জলাবদ্ধতা দূর করতে দখলকৃত খালগুলো উদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “যদি ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করার জন্য সরকারের সদিচ্ছা থাকে তারা যেটা করতে পারতেন তা হচ্ছে, যেখান দিয়ে আমাদের শহরের পানিগুলো নেমে যায় অর্থাৎ যা ভরাট করে ফেলেছে ভূমিদুস্যরা, সেই জায়গাগুলো ক্লিয়ার (উন্মুক্ত) করে দিলেই কিন্তু এত ড্রেন নির্মাণ করতে হয় না।
“ঢাকা শহরে যে ড্রেন আছে তা যথেষ্ট আছে। নতুন করে ড্রেন করে টাকার অপচয় করত না।”
বক্তব্যে ঢাকা-চট্টগ্রাম সড়ক নিয়েও কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, “যৌবন বয়সে ঢাকা থেকে চট্টগ্রামে সড়ক পথে আমি বহু জার্নি করেছি, আমি নিজে গাড়ি ড্রাইভ করেছি। আমরা ৫/৬ ঘণ্টায় চট্টগ্রাম গিয়েছি। কেবল একাত্তর সালে যখন রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ছিল না, তখন ১২ ঘণ্টা লাগত।
“এখন কী ফোর লাইন করতেছেন, কইরা তো বাংলাদেশের মানুষের নাভিঃশ্বাস বাড়াই দিছেন। ঢাকা-চট্টগ্রামে রাস্তা-ঘাটের কী অবস্থা আল্লাহই জানেন। যদিও কাজ-কর্মের বিল দেওয়া হচ্ছে ঠিকই।”
মিরপুরের পাইকপাড়ায় জলাবদ্ধতা। (ফাইল ছবি )
এই অবস্থা থেকে উত্তরণে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুব দলের ঢাকা দক্ষিণের নেতা সাঈদ হাসান মিন্টু ও মিজানুর রহমান টিপুর মুক্তি দাবিতে এই সমাবেশ হয়।
বক্তব্যে ফরহাদ মজহারের অন্তর্ধান ও ১৪ ঘণ্টা পর উদ্ধারের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “সারাদিন পর রাতে ফরহাদ মজহারকে পাওয়া গেল, যারা অপহরণ করল তাদের পাওয়া গেল না। যে গাড়ি দিয়ে নিয়ে গেল, সেই গাড়িটাও পাওয়া গেল না। মানুষ বোঝে, বলে না।
“প্রধানমন্ত্রীকে বলব, আপনি তো সব কিছুই জানেন। শোনা যায় আপনি উদ্ধারকাজে যথেষ্ট সক্রিয় ভূমিকা রেখেছেন এবং সেদিন পুলিশকে অনেকটা তৎপর করেছেন, পুলিশ তাকে উদ্ধার করেছে। নিশ্চয় আপনি জানেন কারা করেছে। তাদের মুখোশটা খোলসা করতে আপনার সমস্যা কোথায়?”
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গয়েশ্বর আরও বলেন, “স্বাধীন বাংলাদেশে আপনি সরকার পরিচালনা করেন, না এর অন্তরালে অন্য কেউ সরকার পরিচালনা করে– এটা জানতে মানুষের অনেক আগ্রহ। এই স্বাধীনতা রক্ত দিয়ে কেনা, এই স্বাধীনতা জীবন দিয়ে কেনা, এই স্বাধীনতা কোনো ভিক্ষার দান নয়। কারণ যুদ্ধ করে দেশ স্বাধীন করতে গিয়ে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক মা বিধবা হয়েছেন, অনেকে সন্তানহারা, ভাই-বোনহারা হয়েছেন, অনেকে ইজ্জতহারা হয়েছেন।
“এত ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশে পর্দার অন্তরাল থেকে অন্যরা খবরদারি করবে, কথা বললে দেশের মাটি থেকে তুলে নিয়ে যাবে। আর প্রতিবাদ করার ভাষা আমরা খুঁজে পাই না। সুতরাং দেশে কাপুরুষোচিত বেঁচে থেকে স্বাধীন আছি- একথা বলা শোভা পায় না।”
মহানগর দক্ষিণ যুব দলের সভাপতি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে যুব দলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু, বিএনপির আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, মীর আশরাফ আলী আজম, ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
