২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদ মজহারকে নিয়ে বিএনপির ভূমিকায় নাখোশ মান্না

ফরহাদ মজহারের ঘটনা নিয়ে আন্দোলন গড়ে তুলতে না পারায় বিএনপির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 08:17 PM

Updated : 19 Aug 2022, 05:01 PM

শনিবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “ফরহাদ মজহারের মতো লোক। উনাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় মাইক্রোবাসের মধ্যে, তারপরে পেটাতে থাকে। সমস্ত জাতির জন্য লজ্জার।”

ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার সোমবার ভোরে ঢাকার শ্যামলীর রিং রোডে তার বাসা থেকে বের হওয়ার পরপরই অপহৃত হন বলে তার স্বজনরা পুলিশকে জানান। এর ১৮ ঘণ্টা পর যশোরে ঢাকামুখী একটি বাস থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-পুলিশ।

ফরহাদ মজহারকে অপহরণের কোনো প্রমাণ না পাওয়ার কথা পুলিশ বললেও মান্না বলছেন, “তার কেইসটা বানানো হলো কেন? এই হাজার কোটি টাকা যে সুইস ব্যাংকে চালান করেছেন ওই টাকে ধামাচাপা দেওয়ার জন্যে। ওই পেছনের ঢেউ যেমন সব ঢেউকে খেয়ে ফেলে, আজকের একটা দুঘর্টনাকে ঢেকে ফেলার জন্য পরে আরেকটা ঘটনা ঘটাতে হয়।”

বিএনপি নেতারাও ফরহাদ মজহারকে ‘তুলে নেওয়ার’ জন্য সরকারকে দুষছেন। বিষয়টি নিয়ে বক্তব্য-বিবৃতি দিলেও কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটি।

এর সমালোচনা করে বিভিন্ন নাগরিক ফোরামে সরকারের সমালোচনায় মুখর মান্না বলেন, “একটু দুঃখের বিষয় এও বলি, আপনারা নিজেরাও বুঝবেন, এতবড় ঘটনা ঘটল, এত বড় দল বিএনপি, তার সঙ্গে এত ক্যাডারভিত্তিক অর্গানাইজড জামায়াতে ইসলামী। আমি পছন্দ করি আর নাই বা করি- আপনারা দুইটা দল মিলে তো পারলেন না। এখনও তো করতে পারেন।”

“…আপনাদের মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) উপর হামলা হয়, কোথায় রাস্তা-ঘাট তো কাঁপিয়ে তুলতে পারেন না।”

ফরহাদ মজহারের ঘটনা নিয়ে বিচারকদের কেউ স্বপ্রণোদিত হয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মান্না।

তিনি বলেন, “আমাদের দেশের বিচারপতি রাস্তা দিয়ে গাড়িতে যেতে যেতে দেখে তার পাশে ফেরিওয়ালার ওপরে নির্দেশ জারি করতে পারেন, আমার দেশের বিচারপতি এরোপ্লেনে যেতে যেতে প্লেনের উপরে নির্দেশ জারি করতে পারেন। আর এতগুলো ঘটনা ঘটল, ফরহাদ মজহারের ঘটনার কথা মাহবুবউদ্দিন খোকন (বিএনপির যুগ্ম মহাসচিব) বলেছেন, কেউ কিছু করতে পারলেন না?”

বছর দুয়েক আগে নিজে গ্রেপ্তার হওয়ার পরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “আমি কীভাবে ফিরে আসলাম, আমি তো জানি না। আসলে কী ঘটনা ঘটেছিল তাও বলতে পারি না। ২১ ঘণ্টা ধরে আমারও চোখ বাঁধাই ছিল। এখন ভাবতে লজ্জা করে এদেশের জন্য লড়াই করলাম, আর এ দেশে আমার চাইতে অধঃপতিত অধস্তন লোকজন আমাকে ২১ ঘণ্টা ধরে চোখ বেঁধে রাখে।”

ঢাকা সেনানিবাসে খালেদা জিয়ার এবং গুলশানে মওদুদ আহমদের দখলমুক্ত বাসা ভেঙে ফেলার প্রসঙ্গ টেনে মান্না বলেন, “আমি এই সরকারের আমলে দুটি বাড়ি ভাঙতে দেখলাম। এতো বৈজ্ঞানিক স্পিডে আর কোনো বাড়ি ভাঙতে দেখিনি। মানে যদি সন্ধ্যার সময়ে অর্ডার হয়েছে, রাতের মধ্যে বাড়ি ছাড়া, মানে সিন্দাবাদের দৈত্যের মতো। এতো তাড়াতাড়ি কাজ করতে পারে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে সংবিধানের চতুর্থ সংশোধনীকে ‘কুখ্যাত’ আখ্যায়িত করে তখনকার জাসদ নেতা মান্না বলেন, “বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচাইতে কুখ্যাত বিষয় হয়েছিল, চতুর্থ সংশোধনী যার মাধ্যমে সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। যে ’৭২ তৈরি করল যে, তাদের (বিচার বিভাগ) স্বাধীনতা থাকবে, সেটাই ’৭৪ এর শেষে ’৭৫-এ এসে তাদের সব কিছু কেড়ে নেয়া হল।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আাহমদ বক্তব্য রাখেন।