বিএনপি ক্ষমতায় গেলে সুপ্রিম কোর্টের সচিবালয় হবে: মওদুদ
বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আইন করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শাসন বিভাগের কারণে বিচার বিভাগের কাজে ব্যাঘাত ঘটার অভিযোগের প্রেক্ষাপটে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন সাবেক এই আইনমন্ত্রী।
মওদুদ বলেন, “আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগের স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য সংসদের দ্বারা আইন করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা একটা সেক্রেটারিয়েট (সচিবালয়) প্রতিষ্ঠা করব।
“নিম্ন আদালতের বিচারকরা এখনও আইন মন্ত্রণালয়ের অধীনে থাকেন। বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে অর্জন সম্ভবপর হবে না যতদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা রক্ষা করার সমস্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর অর্পিত না হবে।”
“আমরা মনে করি, সেজন্য বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রয়োজন এবং যেদিন সেটা করা হবে সেদিনই সম্পূর্ণভাবে বিচার বিভাগ স্বাধীন হবে,” বলেন তিনি।
নিম্ন আদালতের বর্তমান অবস্থা তুলে ধরে মওদুদ বলেন, “যদিও বিচার বিভাগ পৃথক করা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এখনও পৃথকীকরণ সম্ভবপর হয়নি।
“সেজন্য মাঝে-মধ্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ প্রশাসনের কাছে জিম্মি। মাঝে-মাঝে তিনি ক্ষোভও প্রকাশ করেন।”
‘বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায়কে ‘ঐতিহাসিক’ অভিহিত করেন ব্যারিস্টার মওদুদ।
তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতাসীন, সেই প্রেক্ষাপটে এই রায় দেশের সকল শ্রেণির মানুষের মনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।”
১৯৭২ সালের সংবিধানের প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন দলের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “সেই সংবিধানকে তো আপনারাই তো খণ্ড-বিখণ্ড করেছেন। একটি একদলীয় স্বৈরাচারী সরকার আপনারা কায়েম করেছিলেন। কোন মুখে ’৭২ সালের সংবিধানের কথা বলেন?
“৭২ সালের সংবিধান যখন ’৭৫ এর ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংশোধন করলেন সেখানে কী লিখেছিলেন? ভুলে গেছেন। সেখানে লিখেছিলেন, কোনো ইমপিচমেন্টও হবে না, কোনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল না, রাষ্ট্রপতি একাই যে কোনো বিচারপতিকে অপসারণ করে দিতে পারবেন।”
চতুর্থ সংশোধনীতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হয়েছিল। জিয়াউর রহমানের সামরিক সরকার আমলে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বিধান যোগ করা হয় সংবিধানে।
আওয়ামী লীগ সরকার আমলে তিন বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধন এনে বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরত নিলে সম্প্রতি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে তা অবৈধ ঘোষণা করা হয়।
সাবেক সংসদ সদস্য মওদুদ বলেন, “কাদের হাতে আমরা বিচারকদের অপসারণের দায়িত্ব দিতে চাই? এই সংসদ? যারা অধিকাংশই নির্বাচিত নন, তাদের কাছে?
“সরকার চেয়েছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে করায়ত্ত করা ও আরও নতজানু করা। যাতে করে উচ্চতম আদালতও নিম্নতম আদালতের মতো তাদের কথা শুনে, তারা ভয় পায়, যাতে তারা সরকারের বিরুদ্ধে কোনো রায় না দেয়।”
আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “উনারা (সরকার) বলেছেন যে, ষোড়শ সংশোধনীর বাতিলের মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম দেশে বিচার বিভাগের স্বাধীনতা আছে। তাহলে আবার অপেক্ষা করছেন কেন যে, পুরো রায়টা দেখি, তারপরে কথা বলব, আপিল করব কিনা।
“আমাদের অ্যাটর্নি জেনারেল বললেন, এই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি। সমগ্র দেশ আনন্দিত হয়েছে আর উনি হতাশ হয়েছেন কেন? তার মানে কী জ্বালা সইতে পারছেন না।”
ষোড়শ সংশোধনী বাতিলের সুপ্রিম কোর্টের রায় দশম সংসদের বিরুদ্ধে ‘চাপেটাঘাত’ বলে মন্তব্য করেন মান্না।
তিনি বলেন, “এই রায় বলেছে, এই সংসদের এই আইন তৈরি করবার ক্ষমতা নাই। দিস ইজ আ স্টুপিড পার্লামেন্ট, একটা ফলস পার্লামেন্ট।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়কে ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য অতি গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা’ বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে বিচারক নিয়োগের একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। সেই নীতিমালা প্রণয়নের আগে যেন কোনো বিচারক নিয়োগ না দেওয়া হয়।
স্বাধীনতা ফোরামের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।
