ফরহাদ মজহার অন্তর্ধানে অন্য সন্দেহ ফখরুলের
বিএনপিকে ভয় দেখাতে ফরহাদ মজহারকে সরকারি কোনো বাহিনী তুলে নিয়েছিল বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্দেহ অন্য।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের দিন ফরহাদ মজহার অন্তর্ধানের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন ফখরুল; যদিও এর পক্ষে কোনো প্রমাণ তার হাতে নেই বলে নিজেই স্বীকার করেছেন তিনি।
বিএনপি মহাসচিব বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে, ষোড়শ সংশোধনীর রায়টা যেদিন হল, তারপরেই কিন্তু এই অপহরণের ঘটনা ঘটল।
“ডাইভারশন অর্থাৎ জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা। এটা আমাদের ধারণা থেকে বলছি, এটার কোনো প্রমাণ-টমাণ আমাদের কাছে নেই। আপনারা সাংবাদিকরা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে।”
মঙ্গলবার ভোরে ঢাকার শ্যামলীতে নিজের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার, যিনি ডানপন্থি অধিকারকর্মী হিসেবে পরিচিত।
তার পরিবার অপহরণের অভিযোগ তোলার পর পুলিশ-র্যাব অভিযানে নামে। মধ্যরাতে যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধারের পর পুলিশ দাবি করে, ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে কোনো ইঙ্গিত তারা পাননি।
ফরহাদ মজহার অন্তর্ধানের পরপরই এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী এর জন্য সরকারি কোনো সংস্থাকে দায়ী করেছিলেন। তিনি ফিরে আসার পর তিনি বলেছিলেন, বিএনপিকে ভয় পাইয়ে দিতে ফরহাদ মজহারকে তুলে নেওয়ার ‘নাটক’ সাজায় সরকার।
ফরহাদ মজহার অপহৃত হওয়ার দিনই সংবিধানের ষোড়শ সংশোধনের আপিলের রায় দেয় সুপ্রিম কোর্ট, যাতে সরকারের হার হয়।
ফরহাদ মজহারকে নিয়ে পুলিশের দেওয়া ভাষ্যকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব ফখরুল।
“আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেসব বক্তব্য আসছে, এটা হাস্যকর। তারা বুঝতে পারছেন না যে, তারা মানুষের কাছে আরও ছোট হয়ে যাচ্ছেন। আপনারা যদি না করে থাকেন, জড়িত না থেকে থাকেন, তাহলে সত্যটা বের করুন।”
ফরহাদ মজহার, উদ্ধারের পর
এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফরহাদ মজহারের কোনো দোষ আমরা এখনও খুঁজে পাইনি। এর অর্থটা কী?
“যে মানুষটাকে তুলে নিয়ে যাওয়া হল, কালো মাস্ক পরিয়ে আটকিয়ে রাখা হল, বিভিন্ন জায়গা ঘুরানো হল, তাকে দিয়ে বলানো হল টাকা দাও, অমুক কর-তমুক কর। তারপর উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলছেন, এখন পর্যন্ত কোনো দোষ আমরা খুঁজে পাইনি। কী মিন করতে চান তিনি?”
বিএনপি সমর্থিত পেশাজীবীদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ফরহাদ মজহারের রাজনৈতিক মতের সঙ্গে একমত না হলেও তার প্রতি শ্রদ্ধা থাকার কথা জানান ফখরুল।
তিনি বলেন, “আমি উনার রাজনৈতিক মতের সঙ্গে একমত নই, তবে তাকে প্রচণ্ড শ্রদ্ধা করি। তার সততা, একাগ্রতা, নিষ্ঠা, দেশপ্রেমের জন্য। উনি শুধু একজন কবি নন, লেখক নন, উনি একজন বিজ্ঞানী। পরিবেশ সম্পর্কে তার যে চিন্তা-ভাবনা, তিনি একজন দার্শনিকও বটে।”
এক সময়ে চরমপন্থি কমিউনিস্ট দলে থাকা ফরহাদ মজহারের এখনকার চরমপন্থি ইসলামী দলগুলোর পক্ষে অবস্থানের প্রেক্ষাপটে তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে অস্পষ্টতার কথাও প্রকাশ পায় এক সময়ের বাম ছাত্র সংগঠনের নেতা ফখরুলের কথায়।
“তার সঙ্গে যদি কথা বলেন, তার লেখাগুলো পড়েন, তাকে কমিউনিস্ট পুরোপুরি বলতে পারবেন না। হি ইজ এ রাইটিস্ট, সেটাও বলতে পারবেন না। হি ইজ এ ন্যাশনালিস্ট, তাও পুরোপুরি বলতে পারবেন না।”
“উনি উনার মতো করে বাংলাদেশকে যেভাবে বুঝেছেন, তার মতো করে কজন লোক আছে বাংলাদেশকে বুঝেছেন? উনি এখনও লুঙ্গি পরেন, এখনও খদ্দরের পাঞ্জাবি পরেন। তার বাসায় গিয়ে দেখবেন সমস্ত ধর্মের প্রতি তার কী রকম শ্রদ্ধাবোধ।”
“আমি তার সম্পর্কে বলতে চাই, তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক, উনি একজন অত্যন্ত শক্ত বাংলাদেশি, জনগণের অধিকার নিয়ে কাজ করেন। তিনি কোনো সময় আপস করেননি,” বলেন বিএনপি মহাসচিব।
১৯৯১-৯৫ সালে বিএনপি সরকার আমলে আনসার বিদ্রোহের সময় লেখালেখির জন্য ফরহাদ মজহারকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সখ্যের খবর পাওয়া যায়।
‘বাঁধন শক্ত করলে ছেঁড়ার প্রবণতাও বাড়বে’
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় বহাল থাকার সন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব ফখরুল।
আওয়ামী লীগ ২০০৪ সালে সংবিধানের এই সংশোধনী এনেছিল। তার আগে সংবিধানে ছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করে বিচারক অপসারণেল বিধান, যা জিয়াউর রহমানের সামরিক শাসনামলে করা হয়েছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
ফখরুল বলেন, “যখন এই ষোড়শ সংশোধনী বিচারপতিদের অভিশংসনের বিষয়ে একতরফাভাবে দায়িত্ব দিল সংসদকে, তখন আমরা আতঙ্কিত হয়ে উঠেছিলাম। সেদিক থেকে আমি মনে করি এই রায় ওয়ান স্টেপ ফরওয়ার্ড। আপার জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিরা যদি স্বাধীনভাবে কাজ করতে চান, তাহলে করতে পারবেন। আর আইনগত কোনো সমস্যা থাকবে না। সেই ভীতি ও সন্ত্রাসের ব্যাপারটা থাকবে না।”
বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকলে তার অপব্যবহার হত বলে মনে করেন সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফখরুল।
তিনি বলেন, “যখন ক্ষমতাসীনরা দেখলেন যে শক্ত হচ্ছে না বাঁধন, বাঁধন দিতে গিয়ে তারা এটা (ষোড়শ সংশোধনী) করলেন। কথা আছে না যে, বাঁধন যত শক্ত হবে, ততই কিন্তু বাঁধন ছেঁড়ার প্রবণতা বাড়তে থাকবে। এটাই বাস্তবতা।”
‘কার কাছে বলব, কোথায় যাব’
উচ্চ আদালতে না হলেও নিম্ন আদালতের উপর সরকার প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ আবারও করেন বিএনপি মহাসচিব ফখরুল।
এই প্রসঙ্গে নিজের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ৮৬টা মামলায় ৩৬টার চার্জশিট হয়ে গেছে। আমাদের নেত্রীকে প্রতি সপ্তাহে আদালতে যেতে হয়, কী অপরাধ তার?
“কার কাছে বলব, কোথায় যাব?”
ফখরুল বলেন, “আমরা যারা রাজনীতি করছি, তারা জানি সরকার কীভাবে নিম্ন আদালতের উপর প্রভাব বিস্তার করছে। আজকেই আমি আদালতে গিয়েছিলাম। আমাকে বারের আইনজীবীরা বললেন, যারা দল (বিএনপি) করে, গত ১৫ দিন ধরে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এটা রিসেন্ট ডেভেলপমেন্ট।”
“কী করব, আর কী বাকি রয়েছে,” সরকারের উদ্দেশে বলেন তিনি।
অস্ট্রেলিয়া থেকে ফিরে বুধবারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন ফখরুল। গত ২৩ জুন অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির আমন্ত্রণে দলটির সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তিনি।
বিদেশ সফরের অভিজ্ঞতায় বিমানবন্দরে বিরোধী দলের নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আচরণের সমালোচনা করেন ফখরুল।
“আমরা যে দেশের বাইরে যাই, আমাদের সঙ্গে যে আচরণগুলো করা হয়, তা বলতে খারাপ লাগে। মনে হয় যেন আমি বা আমাদের নেতারা বড় ক্রিমিনাল, আমাদের লাগেজ-টাগেজ তচনচ করা, টেলিফোন নিয়ে যাওয়া। তারপর আমাদের বসিয়ে রাখা। একদম শেষ মুহুর্তে বলবে যে, ‘সরি স্যার’। এটাই হচ্ছে দেশের অবস্থা।”
