প্রণব মুখার্জির প্রতি রোষ গয়েশ্বরের
আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্কের জন্য সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত রয়েছে দাবি করে তাকে নিয়ে বিষোদগার করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণবকে বাংলাদেশে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ ‘আওয়ামী লীগের পতি’ বলেছেন তিনি।
শুক্রবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, “এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। তারপরেও এই সরকার সবল কেন? একটি মাত্র কারণ জনগণের সমর্থন নাই, আছে তার পুলিশ বাহিনী। এই বাহিনীকে দিয়ে তিনি (শেখ হাসিনা) জনগণের শক্তিকে খর্ব করে বাংলাদেশকে নির্যাতন-অত্যাচার এবং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার একটা লীলাভূমিতে পরিণত করেছেন।
“এর সাথে ট্যাবলেট ভারতের প্রণব মুখার্জি ভিটামিন, এই ভিটামিন দিয়ে তিনি (শেখ হাসিনা) তার শক্তি সঞ্চয় করেন। তার সব সময় পাশের দেশের দিকে তাকিয়ে থাকতে হয়, জনগণ কখন তাকে ধাওয়া দেবে, কখন তাকে রক্ষা করবে সেই কারণে পশ্চিমা বন্ধুদের দিকে, বিশেষ করে জনাব প্রণব মুখার্জির দিকে তাকিয়ে থাকেন।”
কংগ্রেস নেতা প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হওয়ার অনেক আগে থেকেই তার সঙ্গে সুসম্পর্ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। তাকে দাদা সম্বোধন করে থাকেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাঙালির পক্ষে দাঁড়ানো প্রণব মুখার্জি পঁচাত্তরের ১৫ অগাস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার পাশে দাঁড়িয়েছিলেন।
গত মাসে ভারত সফরে নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনেই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো সরকার প্রধানের রাষ্ট্রপতি ভবনে থাকা বিরল ঘটনা।
ভারত সফরে গত ৯ এপ্রিল নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরমধ্যে বিএনপির বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সে সময় ভারতের তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলে বিএনপি।
এর কয়েক মাসের মধ্যে ভারতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়, ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার। ভারতে ক্ষমতার এই পালাবদলে সে সময় বিএনপি নেতারা উচ্ছ্বাস দেখান। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সহযোগিতা আরওবিস্তৃতির দিকে এগোয় মোদী সরকার।
আগামী জুলাইয়ে রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির মেয়াদ শেষ হওয়ার আগে তার সমালোচনায় মুখর হলেন বিএনপি নেতা গয়েশ্বর।
তার সঙ্গে খালেদার সাক্ষাৎ না করাকে সে সময় ‘ভালোভাবে না দেখলেও’ এখন মত বদলেছে বলে জানান তিনি।
গয়েশ্বর বলেন, “প্রণব মুখার্জি একবার বাংলাদেশে এসেছিলেন। আমাদের নেত্রী দেখা করেন নাই, আমারও খারাপ লাগল যে, ভারতের রাষ্ট্রপতির সাথে আমাদের নেত্রী দেখা করলেন না। এটা কেমন হল?
“এখন ভেবে দেখলাম, কাজটা খুব বেঠিক হয়েছে বলে মনে হয় না। কারণ তিনি তো ভারতের রাষ্ট্রপতি নন, তিনি হলেন আওয়ামী লীগের পতি। সুতরাং আওয়ামী লীগকে রক্ষা করাই একমাত্র কাজ।”
প্রণব মুখার্জির ছেলে পশ্চিমবঙ্গ থেকে ভারতের লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বাংলাদেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের তিনি তদ্বির করেন, কমিশন খান- এ খবর ভারতীয় পত্র-পত্রিকায় ইতোমধ্যে ছাপা হয়েছে। এটা আমার কথা নয়।”
বিদেশে অর্থপাচার নিয়ে গয়েশ্বর বলেন, “পত্রিকার ভাষায় তিন লক্ষ কোটি নাকি বিদেশে পাচার হয়ে গেছে।। এসব কার টাকা?
“দুর্নীতির মধ্য দিয়ে যারা লক্ষ কোটি টাকা অর্জন করেছেন, তারাই বিদেশে তা পাচার করেছেন। একদিন এর জন্য অবশ্যই তাদের বিচারের সম্মুখীন হতে হবে।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর বিএনপি দক্ষিণের উদ্যোগে প্রয়াত সাংসদ নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, দক্ষিণের সহসভাপতি পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা, শামসুল হুদা, যুগ্ম সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, উত্তরের সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।
