২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদের বাদলকে ওলামা লীগের নোটিস, উকিল বিএনপির তৈমুর

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যের বিরোধীতাকারীদের নিয়ে ‘কটূবাক্য’ বলায় জাসদের (আম্বিয়া-প্রধান) কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদলকে আইনি নোটিস পাঠিয়েছে ওলামা লীগের একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

বৃহস্পতিবার আক্তার হোসেন ও আবুল হাসানের নেতৃত্বাধীন ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুস সাত্তারের পক্ষে এই নোটিস পাঠান আইনজীবী তৈমুর আলম খন্দকার, যিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

এক সময়ের জাসদ নেতা তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সাত কার্যদিবসের মধ্যে মিডিয়ার মাধ্যমে জাতির কাছে ক্ষমা না চাইলে তার (বাদল) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নোটিসের বিষয়ে কিছুই জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন মইনউদ্দিন খান বাদল।

তিনি বলেন, “এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি কিছুই জানি না।”

নোটিসে বলা হয়, গত ১৩ এপ্রিল মাগুরার এক সমাবেশে মইনুদ্দিন খান বাদল সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যের বিরোধীতাকারীদের ‘আপত্তিকর’ ভাষায় আক্রমণ করেছেন।

Image
মইনউদ্দিন খান বাদল (ফাইল ছবি)

মইনউদ্দিন খান বাদল (ফাইল ছবি)

রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করার পর থেকেই এটি রাখা না রাখা নিয়ে বিতর্ক চলছে।

হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন এর বিরোধিতায় নামে। হেফাজত এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে সরকারকে ৫ মে মতিঝিলে ফের সমাবেশের হুমকি দেয়। ওলামা লীগও তা অপসারণের দাবি জানিয়েছে।

এরপর গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন এক দল ওলামার সঙ্গে গণভবনে বৈঠকে শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ওইদিনই মাগুরায় এক সমাবেশে বাদল এ বিষয়ে বক্তব্য দেন।

নোটিসে বলা হয়, “জাতীয় ঈদগাঁর পাশে স্থাপিত মূর্তির যারা বিরোধীতা করে, ১৩ এপ্রিল মাগুরার এক সমাবেশে আপনি তাদেরকে বানরের সাথে তুলনা করে, ‘কুত্তার বাচ্চা’ বলে, শিষ্টাচার বহির্ভূত, অপমানকর, অসভ্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করে দেশের ৯২ ভাগ মুসলিম সমাজকে অপমান করেছেন এবং সংবিধান পরিপন্থী বক্তব্য রেখেছেন, যা আইনত দণ্ডনীয়। এতে আপনার জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ ভঙ্গ হয়েছে।”

এত আরও বলা হয়, “বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং ধমীয় অনুভূতি এ দেশবাসীর অত্যন্ত প্রকট। আপনার বক্তব্য দ্বারা দেশের মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন, যার আইনগত ও সাংবিধানিক অধিকার আপনার নেই।”

নোটিসের বিষয়ে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, “মুসলমানের সন্তান হয়ে মইনউদ্দিন খান বাদল কীভাবে এসব কথা বলে? এ কারণেই নোটিস পাঠানো হয়েছে। আগামী শনিবার এ বিষয়ে আমরা মানববন্ধন করব।”