২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোটিশ পেলে সামরিক চুক্তি নিয়ে জানাবেন প্রধানমন্ত্রী

সংসদে নোটিশ পেলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত সব সামরিক চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 07:42 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক বা চুক্তি হওয়া কয়েকটি দেশের নাম উল্লেখ করেন।

তিনি বলেন, “অন্যান্য দেশের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে ডিটেইল জানতে চাইলে আমি সব দিতে পারব। আরেকবার নোটিশ দিলে পার্লামেন্টে উপস্থাপন করব।”

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি সম্পূরক প্রশ্নে ভারত ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে কি না জানতে চান। চীনের সঙ্গে এ বিষয়ে কী চুক্তি হয়েছিল তা জানাতে তিনি সংসদ নেতাকে অনুরোধ করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এ ধরনের সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের বিভিন্ন দেশের সঙ্গে রয়েছে। চীন, রাশিয়া, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে ডিফেন্সের চুক্তি আছে। ডিফেন্সের বিভিন্ন জিনিস ক্রয়ে আমাদের বহু দেশের সঙ্গে চুক্তি আছে। তবে চীনের সঙ্গে সমাঝোতা চুক্তিটি বিএনপি ক্ষমতায় থাকতে হয়। এই চুক্তির বিষয়ে একটি কথাও তারা বাংলাদেশের কাউকে জানতে দেয়নি।তারা সংসদেও এই চুক্তির বিষয়টি জানায়নি।”

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।এগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলছে, এর মধ্য দিয়ে দেশের অস্তিত্ব বিপন্নের পথে উপনীত হয়েছে।

তাদের ওই অভিযোগ নাকচ করে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, “ভারত সফরকালে কোনো চুক্তি/সমঝোতা স্মারকই দেশের স্বার্থবিরোধী নয়। তাই ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদন হয়েছে- এ ধরনের বিবৃতি সম্পূর্ণ অসত্য, মনগড়া, অবিবেচনা প্রসূত এবং বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র। বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং আত্মমর্যাদা সম্পন্ন দেশ। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি আওয়ামী লীগ সরকার করবে না।”

তিস্তার পানি বণ্টন চুক্তি আওয়ামী লীগ সরকারের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও তৎপর। ভারত সফরকালে এ চুক্তি দ্রুত সম্পাদনের জন্য ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে জোর আহ্বান জানাই। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, তার সরকার ও আমার সরকার ক্ষমতায় থাকতেই তিস্তার পানি বণ্টনের সমাধান হবে।”

২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এবারও ওই চুক্তি না হওয়ায় শেখ হাসিনার ভারত সফরকে ‘ব্যর্থ’ বলছে বিএনপি।

আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “দেশের স্বার্থে আমি বিভিন্ন দেশ সফর করি। সেখানে অনেক চুক্তি বা সমাঝোতা স্মারক স্বাক্ষর করি আর যা কিছু করি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে দেশের মানুষকে সুন্দর জীবন দেওয়ার জন্য। ভারতের সাথে আমাদের যেসব চুক্তি বা সমঝোতা স্মারক হয়েছে সবগুলি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য করা হয়েছে। এসব চুক্তির ফলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”

গত মাসে বাংলাদেশে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের নির্বাচনকে সকল দেশ ও গণতান্ত্রিক দেশের সংসদগুলো গ্রহণ করছে বলে বাংলাদেশকে ভোট দিয়ে আইপিইউ ও সিপিএর সভাপতি পদে দুই জন বাংলাদেশিকে নির্বাচিত করেছে।”

“২০১৪ সালের নির্বাচন নিয়ে যারা অনবরত নানা রকম কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, আইপিইউর সফল সম্মেলনের পর তাদের ঘটে পানি আসা দরকার। তারা এ ধরনের কথা যেন না বলেন। এর থেকে যেন তারা বিরত থাকেন। কারণ তারা এ ধরনের কথা যতই বলবেন জনগণ মনে করবে, তারা অর্বাচীন। জনগণ মনে করবে, তাদের গণতন্ত্র সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস সম্পর্কে, পার্লামেন্ট কালচার সম্পর্কে কোনো ধারণাই নেই। যারা এখনও ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, এ সফল আইপিইউ সম্মেলনের পর এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।”

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে সফলভাবে যে নির্বাচনটা হয়েছে, যে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে। সংসদে এখন আর খিস্তিখেউড় হয় না। নোংরা কথা হয় না। সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে- এটাই প্রমাণিত হয়েছে।”

অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “সাম্প্রতিক নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় নবগঠিত নির্বাচন কমিশন বেশ কয়েকটি নির্বাচন সম্পন্ন করেছে, যার সবগুলোই সুষ্ঠু হিসেবে দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে।”

আগামীতে অনুষ্ঠেয় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি।