২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই: ফখরুল

দুযোর্গের সময়ে হাওর অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিদেশ সফরের ঘটনায় মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2017, 05:08 PM

Updated : 19 Aug 2022, 04:29 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমাদের হাওর অঞ্চলে এত বড় একটা দুযোর্গ উপস্থিত হয়েছে, সেসময়ে হাওর অধিদপ্তরের কর্মকর্তারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে যে, দেশে সরকার নেই, দায়বদ্ধতাও নেই।”

“দেখুন, সরকার যেভাবে দেশ চালাচ্ছে- এটাই তা প্রমাণ করে; এখানে যে কোনো সুশাসন নেই তা বুঝা যায়।”

বিভিন্ন বাঁধ ভেঙে অকাল বন্যায় ফসল নষ্ট হয়ে হাওর অঞ্চলের মানুষের দুর্গতি শুরুর এক মাস হতে চললেও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পাঁচ শীর্ষ কর্মকর্তার মধ্যে মহাপরিচালকসহ চারজনই গত সপ্তাহে দেশের বাইরে যান।

তবে আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের হাওরের দুর্গত অঞ্চল পরিদর্শনে যাবেন বলে কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রীর অনেক আগেই দুর্গত এলাকায় যাওয়া উচিৎ ছিল।” 

আগামী ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন করলেও ঢাকা মহানগর পুলিশ অনুমতি দেয়নি।

এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমাদেরকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে, পহেলা মে জনসভার অনুমতি পাব না। তারা বলেছে, ২ বা ৩ তারিখে অনুমতি দিতে পারে। সেজন্য আমরা নতুন করে আবেদন করেছি।

“আমাদের সাবেক সাংসদ জয়নুল আবেদিন ফারুক, আবুল খায়ের ভুঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- তারা ডিএসপি কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।”

মে দিবসে জনসভার অনুমতি না পেলে বিএনপির পরবর্তী পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “এই মুহূর্তে কোনো কনফনট্রেশনে আমরা যাওয়ার চিন্তা করছি না।

“সরকার তার চিরাচির যে নীতি, বিরোধীদলকে কোনো সভা সমাবেশ করতে দেবে না- এটা তারই বর্হিপ্রকাশ। এ থেকে বুঝা যায় যে, গণতন্ত্রের অবস্থাটা এখন কোন জায়গায় আছে। গণতন্ত্র যে নেই বাংলাদেশে- এটা তারই প্রমাণ।”

ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বারডেমে ভর্তি আইনজীবী সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জাসাস নেতা নুরুউদ্দিন আহমেদ নুরু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, অধ্যাপক আমিনুল ইসলামসহ নেতারা উপস্থিত ছিলেন।