যুবলীগের নেত্রকোনা জেলা কমিটির কার্যক্রম স্থগিত
শৃঙ্খলা ভঙ্গ করায় সংগঠনের নেত্রকোনা জেলা কমিটির কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় যুবলীগ।
মঙ্গলবার যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, “যুবলীগ নেত্রকোনা জেলা শাখার বর্তমান কমিটি দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।”
জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি গঠনতন্ত্র লঙ্ঘন করে কেন্দুয়া উপজেলা কমিটি বিলুপ্ত এবং কাউন্সিল না করে আটপাড়া উপজেলা কমিটি ঘোষণা দেন।
তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- ১৫ দিনের মধ্যে জনিকে লিখিত জবাব দিতে বলেছে কেন্দ্রীয় কমিটি।
