গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা স্থগিত করেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
২০১৫ সালের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, “তারা ‘নির্বোধের মত’ মারা গিয়েছিলেন। আমাদের মতো নির্বোধরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়। উনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কি করে, একটু বলেন তো।’
তার এই বক্তব্যের জন্য ২০১৬ সালের ২১ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।
এর আগে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে মামলা করেছিলেন শেখ আশিক বিল্লাহ নামের এক ব্যক্তি।
এই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে গত সপ্তাহে হাই কোর্টে আবেদন করেন গয়েশ্বর। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে।
