২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনু ‘জাতীয় বেয়াদব’: গয়েশ্বর

খালেদা জিয়াকে জঙ্গিদের দোসর আখ্যায়িত করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিষোদগার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 10:26 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

এক সময়ের নেতা ইনুকে ‘জাতীয় বেয়াদব’ আখ্যায়িত করেছেন তিনি।

শুক্রবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর বলেন, “আপনার মন্ত্রিসভার সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক এক সময়ের সশস্ত্র জঙ্গি, সে গণতন্ত্রে বিশ্বাস করত না। সে গণবাহিনী করেছিল, তার ডেপুটি চিফ ছিল, এর চিফ ছিল কর্নেল তাহের। আজকে সে বলে, খালেদা জিয়া নাকি জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের দালাল। সে একটা জাতীয় বেয়াদব।

“এটা (ইনু) একটা আজীবন বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থাৎ বেতনভুক কর্মচারী।”

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগের যে অংশ ভেঙে জাসদের জন্ম হয়েছিল, সেই ভাগে ছিলেন ইনু ও গয়েশ্বর। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া জাসদের সামরিক শাখা গণবাহিনীর উপ-প্রধান ছিলেন মুক্তিযোদ্ধা ইনু।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র গয়েশ্বর জাসদের তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান তিনি। এরপর রাষ্ট্র ক্ষমতায় আসা সেনা কর্মকর্তা জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠন করলে ১৯৭৮ সালে তার যুব ফ্রন্টে যোগ দেন গয়েশ্বর।

দীর্ঘ দিন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন গয়েশ্বর, বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য তিনি।

অপরদিকে জাসদের হাল ধরে থাকা ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী।

সাবেক নেতার সে সময়ের কর্মকাণ্ডের সমালোচনা করে গয়েশ্বর বলেন, “আজকে ইনু এখানে আসছে, শেখ মুজিবের ১৫ আগস্ট সমাপ্ত না হওয়া পর্যন্ত, তিনি তার সশস্ত্র আন্দোলনের নামে শেখ মুজিবের মৃত্যু ত্বরাণ্বিত করার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। এখন শেখ হাসিনাকেও কফিনে ঢুকাবে কি না আমার সন্দেহ হয়।

Image
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ফাইল ছবি)

“এই হাসানুল হক ইনুদের মতো মানুষ যেখানে থাকে, সেখানে শান্তি থাকতে পারে না। আজকে তিনি প্রতিদিন যা-ই মন চায় তাই বলেন।”

শেখ হাসিনার অধীনে বিএনপি কখনো নির্বাচনে যাবে না মন্তব্য করে গয়েশ্বর বলেন, “আর এই যে জাতীয় বেয়াদব ইনু বলেছে, খালেদা জিয়াকে বাদ দিলে জঙ্গিবাদ থাকবে না, সুষ্ঠু নির্বাচন হবে। এই কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, খালেদা জিয়া ছাড়া বাংলদেশে জাতীয় নির্বাচন কোনোকালে হবে না। বাংলাদেশের মানুষ কোনো নির্বাচনে অংশ নেবে না।

“এতে ইনুর কিছু যায় আসে না, সে কখনো নৌকায় উঠতে পারবে না। সে নৌকার মাঝিও না, ইনু না নৌকায়, না পাড়ে। ও গুণ টানে, ইনুর কোনোদিন নৌকায় জায়গাও হইব না, সে উঠতেও পারবে না। সেই কারণে ইনু গুণ টাইনা শেখ হাসিনার গুণকীর্তন করার মধ্য দিয়ে যে কয়দিন উচ্ছ্বিষ্ট হালুয়া-রুটি ভাগ্যে আছে, অতদিন ভোগ করিবেন।

“এরপর যেদিন ভাগ্যের বিড়ম্বনা হবে সেদিন তাকে রাস্তায়ও খুঁজে পাবে বলে মনে হয় না।”

সাম্প্রতিক জঙ্গি তৎপরতার প্রেক্ষাপটে এই সংকট থেকে উত্তরণে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর কথা বলেন তথ্যমন্ত্রী ইনু।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তেমনি জঙ্গি প্রতিনিধি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় জানাতে হবে। তখনই কেবল বাংলাদেশে জঙ্গি উৎপাত বন্ধ হবে। দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তির প্রয়োজনে এর কোনো বিকল্প নেই।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

জঙ্গি নিয়ে সংশয়

সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযান নিয়ে সংশয় প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারতের সাথে সামরিক চুক্তিটাকে অগ্রাধিকারে আনার জন্য কয়েকদিন যাবত জঙ্গিবাদের উৎসব চলছে। অথচ মাঝখানে কিন্তু চুপচাপ ছিল, মাঝখানে তেমন শোনা যায়নি।

“এখন প্রতি মুহূর্তে, প্রতিদিন, সেই আশকোনা থেকে শুরু করে সিলেট, সিলেট থেকে মৌলভীবাজার, মৌলভীবাজার থেকে কুমিল্লা। কুমিল্লার পরে হয়ত যাবে খুলনা, খুলনার পরে যশোর ঘুরে আসবে ৭ তারিখ পর্যন্ত। আমরা বুঝি এগুলো।

“অর্থাৎ বাংলাদেশ-ভারত সামরিক চুক্তিটাকে যৌক্তিক প্রমাণ করার জন্য এ সকল ঘটনা নিয়ে নাড়াচড়া করবেন না। আমাদের একটা প্রবাদ আছে- সাপুড়ে সারাজীবন সাপ নিয়ে খেলে, সাপুড়ে কিন্তু সাপের ছোবলে মারা যায়।”

“সুতরাং দেশটার সমস্যা- এটা আপনার একার কোনো সমস্যা না। যদি সমস্যা থাকে আপনি দেশের মানুষকে নিয়ে বসেন, দেশের মানুষকে জানান কোন কোন বিষয়ে, তাদের কী কী দাবির কারণে তারা আজকে বিপথগামী।”

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সভাপতি প্রলয় স্নালের সভাপতিত্বে আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফজাল এইচ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, এলবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্য রাখেন।