২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদী চক্রান্তে সরকার পতন হবে না: কাদের

জঙ্গিবাদী চক্রান্ত করে ‘সরকার হটানোর ষড়যন্ত্র’ সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে তিনি বলেন, “জঙ্গিবাদ করে শেখ হাসিনাকে উন্নয়ন, অগ্রগতি ও অর্জনের পথ থেকে সরানো যাবে না। শেখ হাসিনার শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। এই সরকার অনেক শক্তিশালী সরকার।”

গত সপ্তাহে সিলেটের এক জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযানের পর গত দুদিন ধরে মৌলভীবাজারে আরও দুটি বাড়ি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী কাদের বলেন, এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, আইনপ্রয়োগকারী সংস্থা সেগুলো ‘সফলভাবে’ প্রতিরোধ করেছে।

“এই সব বিচ্ছিন্ন সাম্প্রদায়িক অপশক্তির মৌলবাদী উগ্রবাদী তৎপরতা সরকারকে তার লক্ষ্য সরাতে পারবে না। এসব অপকর্ম করে সরকার হটানোর চক্রান্ত সফল হবে না।”

দেশে জঙ্গিবাদ নির্মূলে ছাত্রলীগ বড় ভূমিকা রাখতে পারে মন্তব্য করে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, “সাম্প্রদায়িক উগ্রবাদ জঙ্গিবাদের বিরোদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আজ ছাত্রলীগের দায়িত্ব। এই ইস্যুতে সারা দেশের ছাত্রলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।”

বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাজীউদ্দিন আহম্মেদ রাজু বলেন, “এক সময় দেশের স্বার্থে যে কোনো আন্দোলনের ডাক আসত ছাত্রলীগের কাছ থেকে। সত্তরের আগে আমরা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তখনকার জগন্নাথ কলেজ থেকে ছাত্রলীগের নেতারা আন্দোলনের ডাক না দিলে আন্দোলন হত না। তাই আজও জঙ্গিবাদের বিরোদ্ধে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে।”

২০১২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হওয়ার প্রায় সারে চার বছর পর এবার সম্মেলনের হল।

সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী নজিবুল্লা হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জগন্নাথ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন ও সাবেক সাধারণ সম্পাদক গাজী আবু সাইদ।