২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের সমাধান খালেদার বিদায়ে: ইনু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিদের দোসর আখ্যায়িত করে ওই ‘সশস্ত্র গোষ্ঠীকে’ নির্মূলের পাশাপাশি সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে ‘বিদায় করার’ আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘সমসাময়িক রাজনীতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি বিদায় জানালেই বাংলাদেশে জঙ্গি উৎপাত বন্ধ হবে।

“মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, নির্বাচনের কথা যতই বলুক, খালেদা জিয়া দুটি জিনিস প্রমাণ করেছেন- তিনি জঙ্গিদের দোসর, সঙ্গী ও প্রতিনিধি, ভয়ঙ্কর খুনীদের সিন্ডিকেট প্রধান এবং পাকিস্তানিদের নব্য দালাল।”

জাসদ সভাপতি ইনু বলেন, “জঙ্গিদের যেমন নির্মূল ও ধ্বংস করতে হবে, তেমনি জঙ্গি প্রতিনিধি খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় জানাতে হবে। তখনই কেবল বাংলাদেশে জঙ্গি উৎপাত বন্ধ হবে। দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তির প্রয়োজনে এর কোনো বিকল্প নেই।”

তথ্যমন্ত্রী বলছেন, জঙ্গিদের পক্ষ নেওয়া খালেদা জিয়ার ‘কৌশলগত অবস্থান নয়’, এটা তার ‘আদর্শিক, নীতিগত অবস্থান’।

“সরকার যখন একে একে জঙ্গিদের ঘাঁটি চিহ্নিত করে ধ্বংস করে দিচ্ছে, তখনই খালেদা জিয়া জঙ্গিদের প্রতি সহমর্মিতা দেখাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত করা উচিত, গণতন্ত্রের ঘাটতি পূরণ করবে জঙ্গিবাদ।”

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে খালেদা জিয়ার এমন বক্তব্যে ‘অবাক হননি’ বলে জানান জাসদ সভাপতি ইনু।

“এটি তার নতুন কোনো অবস্থান নয়। আমার প্রশ্ন হচ্ছে- জঙ্গিদের প্রতি খালেদা জিয়ার সহমর্মিতা কেন? বেগম জিয়া কি জঙ্গিদের নিয়ে ক্ষমতায় যেতে চান? জঙ্গিসমর্থন ছাড়া কি খালেদা জিয়া ও তার দল অসহায়?”

গণতন্ত্রের ঘাটতির জন্যই যদি জঙ্গিবাদের প্রকোপ বেড়ে গিয়ে থাকে, তাহলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে শায়খ আব্দুর রহমান বা বাংলা ভাইয়ের মতো জঙ্গির উত্থান কীভাবে হয়েছিল- সেই প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্র বা ইসলামের কোনো সম্পর্ক নেই। শুধু বাংলাদেশের নয়, জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা।

খালেদা জিয়া ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন না করে ওই দিবস অস্বীকার করেছেন মন্তব্য করে ইনু বলেন, “তিনি হানাদার পাকিস্তানি, রাজাকার, আলবদর, আলশামসদেরই দোসর। গণহত্যা দিবসকে অস্বীকার করা মানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা। খালেদা জিয়া আসলে একাত্তরের মহাযুদ্ধে পাকিস্তানিদের গণহত্যার অপরাধের দায় মোচনের প্রক্রিয়া চালাচ্ছেন।”

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার এবং সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) আকতার হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।