২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে সংলাপ ডাকুন:  সরকারকে মওদুদ

জঙ্গিবাদ দমনে সব দলকে নিয়ে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2017, 11:48 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

গুলশান হামলার পর খালেদা জিয়ার আহ্বান প্রত্যাখ্যাত হওয়ার পর সাম্প্রতিক জঙ্গি তৎপরতা এবং তা দমনে অভিযানের মধ্যে বুধবার এক আলোচনা সভায় বক্তব্যে একই আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মওদুদ বলেন, “আমি সরকারকে আবার বলছি, এখনই উদ্যোগ নেন যদি আপনারা এই উগ্রবাদ-জঙ্গিবাদের দমন করতে চান।

“আসুন বসুন এই ইস্যুটাকে নিয়ে সকল রাজনৈতিক দল, সমস্ত মতের মানুষকে নিয়ে বসুন, আলোচনা করুন এবং দেখেন জঙ্গিবাদ দমন হয় কি না। আমি আশা করবো, সরকারের সুমতির উদয় হবে।”

“যদি না করেন, তাহলে বুঝব যে আপনাদের এটা রাজনৈতিক কোনো কৌশল বা রাজনৈতিক কোন উদ্দেশ্য আছে,”

বলেন মওদুদ।

গণতন্ত্র না থাকায় জঙ্গিবাদের উত্থান ঘটেছে দাবি করে তিনি বলেন, “আওয়ামী লীগের একার পক্ষে জঙ্গি উত্থান দমন করা সম্ভব হবে না। র‌্যাব এবং পুলিশ দিয়ে সম্ভব হবে না। কিছুদূর করা যাবে, কিন্তু পুরোপুরি করা যাবে না।

“এটার একমাত্র উপায় হল বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।”

বিভিন্ন স্থানে জনসভায় প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার প্রসঙ্গ টেনে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “এই নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ হত, হয় তাদেরকে (ক্ষমতাসীনদল) বন্ধ করে দিতেন, না হয় আমাদেরকে ব্যবস্থা করতেন যাতে করে আমরাও মাঠে নেমে ধানের শীষের পক্ষের ভোট চাইতে পারি।”

জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশ-ভারত অসম প্রতিরক্ষা চুক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, “চুক্তির কথা উঠেছে। জাতীয় স্বার্থ পরিপন্থি যে কোনো চুক্তির আমরা বিরোধী। এমন কিছু করবেন না, যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুন্ন হয়। সেটা আমরা দেখবো কী করে আসছেন, তারপরে আমার মনে হয় উচিৎ হবে আমাদের বক্তব্য রাখা।”

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের শাহ মো. আবু জাফর. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য রাখেন।