যে আইনে কল্যাণ নেই, তা আইনই নয়: ফখরুল
নিবন্ধন বাতিলের আইনের কথা বলে সরকার ‘ছলচাতুরির’ মাধ্যমে বিএনপিকে নির্বাচনে যেতে ‘বাধ্য করার ষড়যন্ত্র’ করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “পত্র-পত্রিকা খুললেই দেখবেন, একটা গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রটা কী? বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। আজকের পত্রিকা খুলে দেখেন। বলছে, বিএনপি নির্বাচনে আসতে বাধ্য।
“আইন তো মানুষের জন্য, যে আইন মানুষের উপকারে আসবে না, যে আইন মানুষের কল্যাণ করবে না, যে আইনে নাগরিকরা তার সমান অধিকার পাবে না, সেই আইন আইন নয়, আইন হতে পারে না।”
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, পরপর দুটি সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে দশম জাতীয় নির্বাচন বর্জন করা বিএনপিকে নিবন্ধন বাঁচাতে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতেই হবে।
এ বিষয়ে ইংগিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপিকে ‘আন্দোলন বাদ দিয়ে’ একাদশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়ে আসছেন। তবে বিএনপির দাবি, একাদশ সংসদ নির্বাচন হতে হবে পুরনো তত্ত্বাবধায়ক ব্যবস্থার মত একটি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে।
ফখরুল প্রশ্ন করেন, “এই নির্বাচনের লক্ষ্য কী? যেখানে কোনো বিকল্প থাকবে না, আর কোনো দল থাকবে না বা যারা নির্বাচিত হতে পারেন সেরকম কেউ থাকবে না, তাকে কি আমরা নির্বাচন বলতে পারি? ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে কী নির্বাচন বলতে পারি?”
সরকার আবারও ‘একই কায়দায়’ নির্বাচন করতে চাইছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা ফুটবল খেলার সময়ে... আপনারা দেখেছেন, গোল দেবার সময়ে আমরা ড্রিবলিং করি, কাটিয়ে কুটিয়ে নিয়ে চলে যাই। মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা করে তারা এখন গোল করতে চায়। এতো সহজ নয়।”
ফখরুলের বিশ্বাস, বাংলাদেশের মানুষ ‘কখনই অন্যায় মেনে নেবে না’, ‘প্রতারণাকারী ও উৎপীড়করা’ সাময়িকভাবে সফল হতে পারে, তবে সেই সাফল্য স্থায়ী হয় না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
২০০৭ সালে ৭ মার্চ মাসে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে জামিনে মুক্ত হয়ে ওই বছর সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। তখন থেকে পরিবার নিয়ে সেখানেই আছেন।
ফখরুলে বলেন, “তারেক রহমান একটি সুদূর প্রসারী চক্রান্তের শিকার হয়েছেন। এই চক্রান্ত শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে, যা সফল হতে পারেনি পরবর্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের কারণে। তিনি জিয়াউর রহমানের দর্শন নিয়ে এগিয়ে গেছেন।
“তারেক শুধু শহীদ জিয়া ও বেগম জিয়ার সন্তান নন, তিনি সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক, দেশের রাজনীতির সম্ভাবনাময় প্রতীক। তাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হলে আমাদের আন্দোলন করতে হবে। শুধু বছরের একটা দিন কারাবন্দি দিবস পালন করলে হবে না”
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, “তারেক রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে বহু তদন্ত হয়েছে, আন্তর্জাতিকভাবেও তদন্ত হয়েছে কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি তারেক রহমান বাংলাদেশের খলনায়ক। বরং প্রমাণিত হয়েছে বাংলাদেশের নায়ক হিসেব তারেক রহমান আছেন এবং ভবিষ্যতেও থাকবনে।”
সভাপতির বক্তব্যে বিএনপির নিবন্ধন সম্পর্কে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “বাংলাদেশে বেগম জিয়ার মতো রাজনৈতিক নেত্রী, তারেক রহমানের মতো রাজনৈতিক নেতা, বিএনপির মতো রাজনৈতিক দলের ভাগ্য কোনো আদালতের কলম, কোনো নির্বাহী আদেশ বা কোনো আইনের ধারায় নির্ধারিত হবে না। এটা নির্ধারণ করবে বাংলাদেশের ১৬ কোটি জনগণ।
“নিবন্ধনের কথা বলে আমাদেরকে ভয় দেখিয়ে নির্বাচনে নেওয়া সম্ভব হবে না। নির্বাচনে যেটা হবে, সেটা বেগম জিয়া থাকবেন, আমরা থাকব, সহায়ক সরকারের অধীনেই হবে, আওয়ামী লীগের অধীনে হবে না।”
অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক রুহুল কবির কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, অধ্যাপক ওবায়দুল ইসলাম, কায়সার কামাল, শহীদুল ইসলাম বাবুল, আমিরুল খান আলীম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার মীর হেলাল আলোচনা সভায় বক্তব্য দেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, গোলাম সারোয়ার, তরিকুল ইসলাম টিটো, নাজমুল হাসান, আবদুল ওহাব, নুরুল হুদা, আরিফা সুলতানা রুমা, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্র ফোরামের সভাপতি সাব্বির আহমেদও আলোচনায় অংশ নেন।
এছাড়া অধ্যাপক মামুন আহমেদ, সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু, এস এম জাহাঙ্গীরসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
